উপকূলীয় অঞ্চলে ৫টি নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে ইরান

উপকূলীয় অঞ্চলে ৫টি নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

জাতীয় গ্রিডে পারমাণবিক বিদ্যুতের অংশীদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে দেশটির উপকূলীয় এলাকায় নতুন পাঁচটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে ইরান। সোমবার দেশটির পারমাণবিক শক্তি সংস্থার (এইওআই) প্রধান মোহাম্মদ ইসলামি সংসদের জ্বালানি ও নির্মাণবিষয়ক কমিশনের যৌথ বৈঠকে এই তথ্য নিশ্চিত করেছেন। ২০২২ সালে অনুমোদিত পারমাণবিক শিল্পের সমন্বিত কৌশলগত নথির আওতাধীন দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনার অংশ হিসেবে এই প্রকল্পগুলো পরিচালিত হচ্ছে।

বর্তমানে দক্ষিণ উপসাগরীয় উপকূলে অবস্থিত বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি ইরানের জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহকারী একমাত্র সচল কেন্দ্র। মোহাম্মদ ইসলামি জানান, কেন্দ্রটি সম্প্রতি ৮০ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদনের মাইলফলক স্পর্শ করেছে। এর ফলে জাতীয়ভাবে প্রায় ১৩১ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল অথবা ২১ দশমিক ৩ বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাসের সমপরিমাণ খনিজ জ্বালানি সাশ্রয় করা সম্ভব হয়েছে। বর্তমানে এই কেন্দ্রের সক্ষমতা আরও বাড়াতে প্রায় ১০ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে দ্বিতীয় ও তৃতীয় ইউনিটের নির্মাণকাজ চলমান রয়েছে, যা দেশটির বর্তমান বৃহত্তম অবকাঠামো উন্নয়ন উদ্যোগগুলোর অন্যতম।

এই অবকাঠামোগত উন্নয়ন এমন এক সময়ে পরিচালিত হচ্ছে যখন মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা চরম আকার ধারণ করেছে। বিগত ফেব্রুয়ারি মাস থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উপর্যুপরি বিমান হামলার পর থেকে এই আঞ্চলিক সংকট তৈরি হয়। সাম্প্রতিক সংঘাতের সময় বুশেহর বিদ্যুৎকেন্দ্রটি একাধিকবার হামলার লক্ষ্যবস্তু হলেও এর মূল কার্যক্রম ও বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হয়নি বলে কর্তৃপক্ষের দাবি।

চলমান যুদ্ধবিরতি চুক্তির মধ্যেও লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলার পর পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে। এর জবাবে ইরান উত্তর ইসরায়েল অভিমুখে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং পাল্টা জবাবে ইসরায়েলও ইরানি ভূখণ্ডে বিমান হামলা চালায়। তবে সোমবার ভোরে ইরানের সামরিক বাহিনী সাময়িকভাবে ইসরায়েলে পাল্টা আক্রমণ স্থগিতের ঘোষণা দিয়েছে। পাশাপাশি তারা সতর্ক করেছে যে, লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত থাকলে এর ‘বিধ্বংসী জবাব’ দেওয়া হবে। অন্যদিকে, ইসরায়েলের একাধিক সরকারি সূত্র জানিয়েছে যে তারা ইরানে বিমান হামলা বন্ধ করতে সম্মত হলেও দক্ষিণ লেবাননে তাদের সামরিক অভিযান অব্যাহত রাখবে।

আন্তর্জাতিক শীর্ষ সংবাদ