সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি: ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৭

সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি: ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৭

জাতীয় ডেস্ক

সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১৫৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের বড় একটি অংশ ঢাকার বাইরে চিকিৎসাধীন। এর মধ্যে সর্বোচ্চ ৫৬ জন রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে)। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৬ জন, ঢাকা বিভাগে ১১ জন, খুলনা বিভাগে ১০ জন, রাজশাহী বিভাগে চারজন এবং ময়মনসিংহ বিভাগে তিনজন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চিকিৎসকদের মতে, বর্ষা মৌসুম শুরু হওয়ার সাথে সাথে এডিস মশার প্রজনন বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গুর সংক্রমণও ক্রমান্বয়ে বাড়ছে। ঢাকার পাশাপাশি ঢাকার বাইরের বিভাগগুলোতেও আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দেশজুড়ে মশক নিধন ও জনসচেতনতা কার্যক্রম জোরদার করা জরুরি হয়ে পড়েছে। হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর চাপ সামাল দিতে পর্যাপ্ত চিকিৎসার প্রস্তুতি রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

বিগত বছরগুলোর তুলনায় চলতি বছরের শুরু থেকেই ডেঙ্গুর প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে। সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ জুন পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৩১৭ জনে। আক্রান্তদের লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ডেঙ্গুতে পুরুষের আক্রান্ত হওয়ার হার তুলনামূলকভাবে বেশি। মোট আক্রান্তের মধ্যে ৬২ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৯ শতাংশ নারী।

চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে। তবে হাসপাতালগুলোতে চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফেরার হারও সন্তোষজনক। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। ফলে চলতি বছরে এখন পর্যন্ত মোট ৪ হাজার ৯১৯ জন রোগী সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩৯৮ জন রোগী।

পূর্ববর্তী বছরের তুলনায় চলমান ডেঙ্গু পরিস্থিতির ভয়াবহতা অনুধাবনের জন্য স্বাস্থ্য অধিদপ্তর গত বছরের চূড়ান্ত পরিসংখ্যানও তুলে ধরেছে। তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এবং এ রোগে মৃত্যুবরণ করেছিলেন ৪১৩ জন। বিগত বছরের এই উচ্চ সংক্রমণ ও মৃত্যুর হার বিবেচনা করে চলতি বছর ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশন ও স্থানীয় সরকার প্রশাসনকে মশার লার্ভা ধ্বংসে ক্রাশ প্রোগ্রামসহ কার্যকর দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেওয়ার তাগিদ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

জাতীয় শীর্ষ সংবাদ