শবেবরাত উপলক্ষে মুসলিম বিশ্বের শান্তি ও সমৃদ্ধির জন্য তারেক রহমানের প্রার্থনা

শবেবরাত উপলক্ষে মুসলিম বিশ্বের শান্তি ও সমৃদ্ধির জন্য তারেক রহমানের প্রার্থনা

ডেস্ক

পবিত্র শবেবরাতের প্রাক্কালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান এক বিবৃতিতে বাংলাদেশসহ বিশ্বের মুসলমানদের অব্যাহত শান্তি, কল্যাণ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “যদি আমরা সহিংসতা, রক্তপাত, বিদ্বেষ ও হিংসা পরিহার করি এবং মানবজাতির কল্যাণে সহিষ্ণুতা, সংযম ও সৌহার্দ্যকে প্রতিপন্ন করতে নিজেদের নিবেদিত রাখি, তবে এই মহিমান্বিত রাতে আমাদের প্রার্থনা নিশ্চয়ই আল্লাহর কাছে কবুল হবে।”

আজ মঙ্গলবার বিএনপির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বাণীতে তিনি শবেবরাতের তাৎপর্য ও গুরুত্ব ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, “শাবান মাসের একটি মহিমান্বিত রাত হলো শবেবরাত। ‘বরাত’ শব্দের অর্থ নাজাত বা মুক্তি। এই রাতের গুরুত্ব অপরিসীম। এ সময়ে পরম করুণাময় আল্লাহ তাঁর বান্দাদের জন্য রহমত ও দয়ার ভাণ্ডার উন্মুক্ত করেন। শবেবরাতের রাত রমজান মাসের আগমনী বার্তাও বহন করে।”

তারেক রহমান আরও উল্লেখ করেন, এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা সারারাত আল্লাহর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে দোয়া ও ইবাদতে লিপ্ত হন। তারা নিজেদের ভুল-ত্রুটি ও বিচ্যুতির জন্য ক্ষমা প্রার্থনা করেন। তিনি বলেন, “এই রাতে এমন নেক কাজ করা উচিত, যার মাধ্যমে আল্লাহর রহমত ও মাগফিরাত লাভ করা যায়। শবেবরাতের আরেকটি তাৎপর্য হলো নাজাত লাভের সুযোগ। বিশ্বাসী মুসলমানরা সব অনাচার ও অপকর্ম থেকে পরিত্রাণ প্রার্থনা করেন।”

বাণীতে তিনি মুসলিম বিশ্বের শান্তি, ঐক্য, সংহতি ও নিরাপত্তা নিশ্চিতের জন্য আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করার আহ্বান জানান।

শেষে তারেক রহমান পবিত্র শবেবরাতের এই রজনীতে দেশ, জাতি এবং মুসলিম বিশ্বের সার্বিক উন্নতি, কল্যাণ ও শান্তি কামনা করেছেন।

জাতীয় শীর্ষ সংবাদ