জামায়াত আমির শফিকুর রহমানের নওগাঁ জনসভা অনুষ্ঠিত

জামায়াত আমির শফিকুর রহমানের নওগাঁ জনসভা অনুষ্ঠিত

 

রাজনীতি ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নওগাঁর একটি সমাবেশে অংশ নিতে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নওগাঁ স্টেডিয়াম মাঠে উপস্থিত হন। বেলা সাড়ে ১১টার দিকে হেলিকপ্টারযোগে তিনি স্টেডিয়াম মাঠে পৌঁছান এবং পরে গাড়িতে করে শহরের এটিএম মাঠের সমাবেশস্থলে যান।

সমাবেশস্থলে হাজারো নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। তারা বিভিন্ন স্লোগান এবং করতালির মাধ্যমে শফিকুর রহমানকে স্বাগত জানান। সমাবেশস্থলের চারপাশ ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘বাংলাদেশ জামায়েতে ইসলামী, জিন্দাবাদ জিন্দাবাদ’ এবং ‘জামায়াত আমিরের আগমন, শুভোচ্ছা স্বাগতম’ ধরনের স্লোগানে মুখরিত হয়।

জনসভা শুরুর আগে নওগাঁ, জয়পুরহাট ও বগুড়া জেলার নেতাকর্মীরা মিছিলের মাধ্যমে সমাবেশস্থলে পৌঁছান। মঞ্চে বক্তব্য রাখেন জামায়াত এবং ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতারা।

জনসভাকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল। সমাবেশস্থলসহ পুরো এলাকা তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থায় ভাগ করা হয়—রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোন—যার মাধ্যমে অপ্রীতিকর ঘটনা এড়ানোর চেষ্টা করা হয়।

সকালে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে নওগাঁর উদ্দেশ্যে রওনা হওয়া শফিকুর রহমান জনসভা শেষে চাঁপাইনবাবগঞ্জে এবং পরবর্তীতে রাজশাহী ও নাটোরে আরও কিছু নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন।

রাজনীতি শীর্ষ সংবাদ