রাজনীতি ডেস্ক
বিএনপি সরকার গঠন করলে কক্সবাজারে ব্লু-ইকোনমিকে কেন্দ্র করে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি গভীর সমুদ্রবন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার প্রতিশ্রুতি দেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার শহরের বীর মুক্তিযোদ্ধা মাঠে কক্সবাজার-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুর রহমান কাজলের পক্ষে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ। জনসভায় কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সমর্থকেরা অংশ নেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, কক্সবাজার প্রাকৃতিক সম্পদ ও সম্ভাবনার দিক থেকে দেশের অন্যতম সমৃদ্ধ জেলা। তিনি উল্লেখ করেন, এ জেলার সমুদ্রসীমা ও সামুদ্রিক সম্পদকে কাজে লাগিয়ে ব্লু-ইকোনমির বিকাশ ঘটানো সম্ভব। এ লক্ষ্যেই বিএনপি সরকার গঠন করলে ব্লু-ইকোনমি বিষয়ক একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হবে, যেখানে সামুদ্রিক বিজ্ঞান, মৎস্য, নৌপরিবহন, উপকূলীয় ব্যবস্থাপনা ও সমুদ্রসম্পদ ব্যবহারের আধুনিক শিক্ষা ও গবেষণা পরিচালিত হবে।
তিনি আরও বলেন, কক্সবাজারে নির্মাণাধীন গভীর সমুদ্রবন্দরকে দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রবেশদ্বারে পরিণত করার পরিকল্পনা রয়েছে বিএনপির। এ ছাড়া কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরকে পর্যায়ক্রমে আরও সম্প্রসারণ করে আঞ্চলিক যোগাযোগ ও পর্যটন সুবিধা জোরদার করা হবে। এসব অবকাঠামো উন্নয়ন দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তিনি মন্তব্য করেন।
উপকূলীয় এলাকার ভূমি ও বাসস্থানসংক্রান্ত সমস্যার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ঘূর্ণিঝড়সহ প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক মানুষ সরকারি, খাস বা বিভিন্ন সংস্থার জমিতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। বিএনপি ক্ষমতায় এলে তাদের উচ্ছেদ করা হবে না। বরং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে আইনি ও মানবিক দিক বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।
লবণ চাষিদের বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, উপকূলীয় অঞ্চলের অর্থনীতিতে লবণ শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও এ খাত দীর্ঘদিন ধরে অবহেলিত। বিএনপি সরকার গঠন করলে লবণ চাষিদের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে এবং এ শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। পাশাপাশি মৎস্যজীবী ও উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের বিষয়েও দলটি গুরুত্ব দেবে বলে তিনি উল্লেখ করেন।
যোগাযোগ অবকাঠামো প্রসঙ্গে বিএনপির এই নেতা জানান, সরকার গঠনের পর দ্রুত সময়ের মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার কাজ শুরু করা হবে। এ উদ্যোগ পর্যটন, ব্যবসা-বাণিজ্য এবং দক্ষিণাঞ্চলের সঙ্গে দেশের অন্যান্য অংশের যোগাযোগ ব্যবস্থাকে আরও গতিশীল করবে বলে তিনি বলেন।
জনসভায় বিএনপি প্রার্থী লুৎফুর রহমান কাজলের পক্ষে ভোট চেয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, কক্সবাজারের উন্নয়ন ও জনগণের স্বার্থ রক্ষায় অভিজ্ঞ ও পরিচিত নেতৃত্ব প্রয়োজন। তিনি ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার-৩ আসনের প্রার্থী লুৎফুর রহমান কাজল। তিনি বলেন, কক্সবাজারের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ ও পরিকল্পিত জনপদ গড়ে তোলাই তার লক্ষ্য। নির্বাচনে জয়ী হলে এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং উপকূলীয় জনগোষ্ঠীর অধিকার রক্ষায় কাজ করার অঙ্গীকার করেন তিনি।
উল্লেখ্য, সালাহউদ্দিন আহমদ নিজের নির্বাচনী এলাকা কক্সবাজার-১ আসনের বাইরে এসে দ্বিতীয়বারের মতো কক্সবাজারের বিভিন্ন আসনে বিএনপি প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেন। এর আগে ৪ ফেব্রুয়ারি তিনি উখিয়ার কোটবাজারে কক্সবাজার-৪ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।


