রাজনীতি ডেস্ক
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তার দল রাষ্ট্রক্ষমতায় গেলে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে এবং ইউরোপের বিভিন্ন শহর, বিশেষ করে যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে সরাসরি ফ্লাইট চালু করা হবে। তিনি বলেন, প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি থাকা সত্ত্বেও বিমানবন্দরটি এখনো আন্তর্জাতিক মানের পূর্ণ সুবিধা পায়নি।
শনিবার মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার নবীন চন্দ্র স্কুল মাঠে অনুষ্ঠিত ১১ দলীয় নির্বাচনী ঐক্যের এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বর্তমানে সিলেট বিমানবন্দর থেকে আন্তর্জাতিকভাবে সীমিত আকারে ফ্লাইট পরিচালিত হচ্ছে। মূলত লন্ডন থেকে ফ্লাইট আসা-যাওয়া করে এবং মাঝেমধ্যে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ থেকে বিমানের যাত্রাবিরতি হয়। অথচ সিলেট অঞ্চল থেকে ইউরোপ, আমেরিকা ও বিশ্বের বিভিন্ন দেশে বিপুলসংখ্যক প্রবাসী বসবাস করেন। দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর থাকা সত্ত্বেও সব আন্তর্জাতিক এয়ারলাইনস সিলেটে ফ্লাইট পরিচালনা করে না বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে তরুণ সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ। রাষ্ট্র পরিচালনায় তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ভবিষ্যতের বাংলাদেশ তরুণদের হাতেই গড়ে উঠবে। স্বাধীনতা সংগ্রামে যারা ভূমিকা রেখেছেন, জাতি তাদের অবদান স্মরণ করবে বলেও তিনি উল্লেখ করেন।
বাংলাদেশের সামাজিক বৈচিত্র্যের কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, পাহাড়ি, সমতল ও উপকূলীয় অঞ্চলসহ সব জাতিগোষ্ঠী, শ্রেণি ও পেশার মানুষের অংশগ্রহণে একটি বৈষম্যহীন ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্য তাদের। তিনি বলেন, সমাজে অর্থনৈতিক বৈষম্য দূর করে সকলের জন্য ন্যায্য সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।
মৌলভীবাজার জেলার চা শিল্পের প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, তিনি নিজে এই জেলার সন্তান হওয়ায় চা শ্রমিকদের জীবনমান ও সমস্যার বিষয়ে অবগত। চা শ্রমিকদের জন্য স্বাস্থ্যসেবা ও শিক্ষা নিশ্চিত করার অঙ্গীকারের কথা তিনি সভায় উল্লেখ করেন। তার মতে, এই খাতের শ্রমিকদের মৌলিক অধিকার রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব।
প্রবাসীদের প্রসঙ্গে তিনি বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান গুরুত্বপূর্ণ। বিদেশে অবস্থানরত কোনো বাংলাদেশির মৃত্যু হলে মরদেহ দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে জটিলতা দেখা দেয়। এ বিষয়ে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মাধ্যমে মরদেহ সম্মানের সঙ্গে দেশে আনার ব্যবস্থা থাকা প্রয়োজন বলে তিনি মত প্রকাশ করেন।
আসন্ন নির্বাচন ও গণভোট প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে জামায়াত আমির বলেন, জনগণের ভোটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার পরিবর্তন আসা উচিত। তিনি গণভোটকে ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেন।
কুলাউড়া আসনের নির্বাচনী প্রসঙ্গে তিনি জানান, এই আসনে জামায়াত মনোনীত প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার মো. সায়েদ আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি নিজে তার পক্ষে সার্বিক সহযোগিতা করবেন বলেও সভায় জানান।
জনসভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা জামায়াতের আমির এবং মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. সাহেদ আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামির আলী।
এ ছাড়া সভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার-মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান, ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, মৌলভীবাজার-১ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলামসহ জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতারা।
জনসভার একপর্যায়ে প্রধান অতিথি মৌলভীবাজার-১ ও মৌলভীবাজার-২ সংসদীয় আসনের জোট মনোনীত প্রার্থীদের হাতে নির্বাচনী প্রতীক তুলে দেন।


