কানাডার স্কুল ও আবাসিক এলাকায় বন্দুকধর্মী হামলায় ১০ জন নিহত

কানাডার স্কুল ও আবাসিক এলাকায় বন্দুকধর্মী হামলায় ১০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

কানাডার পশ্চিমাঞ্চলীয় ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে একটি মাধ্যমিক বিদ্যালয় এবং নিকটবর্তী আবাসিক এলাকায় বন্দুকধারীর হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টা ২০ মিনিটের দিকে টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুল ও এর আশপাশের এলাকায় হামলার ঘটনা ঘটে। রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানায়, ঘটনাস্থল থেকে ছয়জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় এবং আহত অবস্থায় প্রায় ৩০ জনকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর আরও চারজনের মৃত্যু হয়। গুরুতর আহত দু’জন চিকিৎসাধীন রয়েছেন, অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, হামলাকারীকেও ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি নিজেই আত্মহত্যা করেছেন। তবে হামলাকারীর পরিচয় এবং হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

তদন্তকারীরা স্কুলের কাছাকাছি একটি বাড়ি থেকে আরও দু’জনের মরদেহ উদ্ধার করেছেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এ ঘটনা মূল হামলার সঙ্গে সম্পর্কিত। আশপাশের আবাসিক এলাকাগুলোতে তল্লাশি চালিয়ে পুলিশ সম্ভাব্য অন্য হতাহতদের খোঁজ করছে।

হামলার পর পুরো এলাকায় জরুরি সতর্কতা জারি করা হয়, যা স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে প্রত্যাহার করা হয়।

টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রায় ১৭৫ জন শিক্ষার্থী অধ্যয়নরত। এই ঘটনার পর শিক্ষার্থীদের মানসিক পুনর্বাসন এবং নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে স্কুল কর্তৃপক্ষ এক সপ্তাহের জন্য শিক্ষা কার্যক্রম স্থগিত করেছে।

স্থানীয় প্রশাসন ঘটনার জন্য গভীর শোক প্রকাশ করেছে এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। পুলিশ পুরো ঘটনার কারণ ও প্রেক্ষাপট তদন্তের মাধ্যমে খতিয়ে দেখছে।

আন্তর্জাতিক শীর্ষ সংবাদ