বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে কমনওয়েলথ পর্যবেক্ষক দল সাক্ষাৎ

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে কমনওয়েলথ পর্যবেক্ষক দল সাক্ষাৎ

জাতীয় ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গতকাল মঙ্গলবার সেনা সদর কমপ্লেক্সে কমনওয়েলথ পর্যবেক্ষক দলের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ঘানার সাবেক রাষ্ট্রপ্রধান উইলিয়াম নানা আকুফো আডো।

বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজের তথ্যমতে, সাক্ষাতকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের নিরাপত্তা পরিস্থিতি ও বিদেশি পর্যবেক্ষকদের নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়গুলো নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়েছে।

এর আগে সোমবার একই কমনওয়েলথ অবজারভার গ্রুপের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করে। ওই সাক্ষাতে ২৩ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টা কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাচনকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্পগুলোর নিরাপত্তা কঠোর করা হয়েছে। কক্সবাজারে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী ভোটগ্রহণের এক দিন আগে বুধবার থেকে রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরতদের যাতায়াত সীমিত করতে কার্যক্রম শুরু করেছে। ক্যাম্পগুলোর নিরাপত্তা ব্যবস্থা ও রোহিঙ্গাদের গতিবিধি পর্যবেক্ষণের দায়িত্বও সেনাবাহিনী নিয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে রামু ১০ পদাতিক ডিভিশনের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান, রোহিঙ্গা ক্যাম্পে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হওয়ার জন্য কাঁটাতারের বেড়া মেরামত, চেকপোস্ট স্থাপন, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

সে ক্ষেত্রে কক্সবাজারের চারটি দুর্গম ভোটকেন্দ্রে সেনাবাহিনীর স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে। ভোটকেন্দ্রের ভেতরে বা বাইরে কোনো অনিয়ম বা সংঘাত সৃষ্টি হলে সেনাবাহিনী পুলিশ, র‌্যাব, বিজিবিসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে। এ কার্যক্রমের ফলে ভোটাররা নিরাপদে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে সক্ষম হবেন।

সেনাবাহিনীর এই উদ্যোগ নির্বাচনের সময় শান্তি ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পে সম্ভাব্য নাশকতা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশব্যাপী নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও সুষ্ঠু পরিচালনায় এই ধরনের পদক্ষেপ সরকারি কর্মকর্তাদের জন্যও নির্দেশক হিসেবে কাজ করবে।

জাতীয় শীর্ষ সংবাদ