বিনোদন ডেস্ক
ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে চিত্রনায়িকা শবনম বুবলী ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টে অংশগ্রহণ করে নিজের জীবনের নানা অজানা দিক উন্মোচন করেছেন। তিনি পডকাস্টে মা হওয়ার বিষয়ে চলা জল্পনা থেকে শুরু করে পেশাগত ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন বিষয় বিস্তারিতভাবে আলোচনা করেন।
পডকাস্টে বুবলী তার সংসারের বর্তমান অবস্থা নিয়ে কথা বলেন এবং মেগাস্টার শাকিব খানের সঙ্গে সম্পর্কের তথ্য শেয়ার করেন। এছাড়া নিজের প্রথম প্রেম এবং চলচ্চিত্র জগতে অন্যান্য তারকাদের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়েও খোলামেলা মন্তব্য করেন। সংবাদ পাঠিকা থেকে পরিবারের অমতে চলচ্চিত্র নায়িকা হওয়া, এবং সেই পথে তাঁর সংগ্রামের অভিজ্ঞতাও তিনি শেয়ার করেন।
সন্তান শেহজাদ খান বীরকে নিয়ে কথা বলার সময় বুবলী আবেগাপ্লুত হন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে তার অভিজ্ঞতাও পডকাস্টে উঠে এসেছে। তিনি জানান, পুরস্কার ঘোষণার আগে তাকে অভিনন্দন জানানো হয়েছিল, কিন্তু পরবর্তীতে সেটি বাস্তবায়িত হয়নি। তিনি বলেন, “এমন ঘটনাও জীবনের একটি অংশ।”
রুম্মান রশীদ খানের সঞ্চালনায় তৈরি ‘ভ্যালেন্টাইনস স্পেশাল’ পর্বটি মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ শনিবার, ১৪ ফেব্রুয়ারি রাত ৯টায় সম্প্রচারিত হবে। এই বিশেষ পর্বে বুবলী এমন সব বিষয় উন্মোচন করেছেন, যা আগে কখনো কোনো অনুষ্ঠান বা সাক্ষাৎকারে প্রকাশ করেননি।


