নবম পে স্কেল বাস্তবায়নের প্রথম কমিটি বৈঠক অনুষ্ঠিত

নবম পে স্কেল বাস্তবায়নের প্রথম কমিটি বৈঠক অনুষ্ঠিত

 

রাজনীতি ডেস্ক

নবম পে স্কেল বাস্তবায়নের সুপারিশ প্রণয়নের জন্য গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রবিবার (১৫ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

বৈঠকে নবম পে স্কেল বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এই কমিটি গঠিত হয়েছে জাতীয় বেতন কমিশন ২০২৫, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন ২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি ২০২৫-এর প্রতিবেদনে উল্লেখিত বেতন সম্পর্কিত বিষয়াদি পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে। এছাড়া সশস্ত্র বাহিনী বেতন কমিটি ২০২৫-এর প্রতিবেদনের ভিত্তিতে সুপারিশ তৈরি করাও কমিটির দায়িত্বে রয়েছে।

কমিটির নেতৃত্বে আছেন তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব। অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, আইন ও বিচার বিভাগের সচিব এবং হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ) প্রতিনিধি।

কমিটি সরকারের কাছে পরবর্তী কার্যক্রম সংক্রান্ত সুপারিশসহ প্রতিবেদন দাখিল করবে। প্রথম বৈঠকে সদস্যরা মূলত এই সুপারিশ প্রণয়নের প্রক্রিয়া নির্ধারণ ও প্রতিবেদন প্রণয়নের জন্য কাজের পরিকল্পনা চূড়ান্ত করেন।

গত বছরের ২৭ জুলাই অন্তর্বর্তী সরকার নবম জাতীয় বেতন কমিশন গঠন করে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান প্রধান এই কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন দাখিল করেন।

দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ায় (১২ ফেব্রুয়ারি) নতুন সরকার গঠনের প্রক্রিয়া চলছে। সরকারি চাকরিজীবীরা পে স্কেল বাস্তবায়নের বিষয়ে নতুন পরিকল্পনা হাতে নিয়েছেন। তারা নতুন সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবির বাস্তবায়ন নিশ্চিত করার চেষ্টা করবেন।

সরকারি দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেছ আলী জানান, নবম পে স্কেল বাস্তবায়নের জন্য সংগঠনটি সরকারের সঙ্গে আলোচনা করবে এবং আশা করা হচ্ছে সংশ্লিষ্ট পদক্ষেপ গ্রহণ করা হবে।

জাতীয় শীর্ষ সংবাদ