মানিকগঞ্জে রেস্টুরেন্টে হামলা, একজন গুরুতর জখম

মানিকগঞ্জে রেস্টুরেন্টে হামলা, একজন গুরুতর জখম

বিনোদন ডেস্ক

মানিকগঞ্জের অরঙ্গবাদ এলাকায় মানিকগঞ্জের ‘চাপওয়ালা’র শ্বশুরবাড়ি’ রেস্টুরেন্টে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এক কাস্টমারকে কুপিয়ে জখমসহ কয়েকজনকে মারধরের ঘটনা ঘটেছে। এতে একজন গুরুতর জখম হয়েছেন।

ভুক্তভোগী মোঃ আতিকুর রহমান খানের চাচা মোঃ খলিলুল রহমান খান বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় ছয়জনের নাম উল্লেখ এবং আরও সাতজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন। মামলায় নাম উল্লেখ করা আসামিরা হলেন মোঃ ইমরান (২৪), মোঃ লিখন (২২), হাসান (২৭), জীবন (২৫), মুন্না (২২) ও মঞ্জুর (২৬)।

মামলার এজাহার অনুযায়ী, আতিকুর রহমান ৪-৫ জন বন্ধুর সঙ্গে ওই রেস্টুরেন্টে খাবার খেতে গিয়েছিলেন। এসময় অভিযোগ উঠেছে যে, আসামিরা কয়েকজন নারী কাস্টমারের সঙ্গে দুর্ব্যবহার ও অনৈতিক আচরণ করছেন। ভুক্তভোগী ও তার বন্ধুরা এই আচরণের প্রতিবাদ করলে তারা লোহার রড, হাতুড়ি, চাপাতি, ধারালো ছুরি, কুড়াল, বেলচা ও বাঁশের লাঠিসহ বিভিন্ন অস্ত্র ব্যবহার করে তাদের ওপর হামলা চালায়।

আক্রমণের সময় আসামি ইমরান আতিকুর রহমানের পিঠে ধারালো ছুরি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর জখম হন। পরে লিখন লাঠি দিয়ে আঘাত করলে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। অভিযোগ রয়েছে, হামলার সময় তার পকেট থেকে টাকা ছিনিয়ে নেওয়া হয়। স্থানীয় ব্যবসায়ীরা আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। আতিকুরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

মামলার বাদী খলিলুল রহমান খান অভিযোগ করেন, রেস্টুরেন্টে একদল সন্ত্রাসীকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া হয়েছে এবং তার ভাতিজা প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। তিনি সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

রেস্টুরেন্টটির ম্যানেজার কিরণ খান ঘটনার সময় উপস্থিত না থাকার কথা জানিয়ে বলেন, বিষয়টি তার জানা ছিল না। চিত্রনায়ক ওমর সানী জানিয়েছেন, জনবল সংকটের কারণে লিখন নামের একজনকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছিল। পরে তার স্বভাব-চরিত্র নিয়ে সন্দেহ দেখা দিলে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। তিনি দাবি করেছেন, লিখন মাদকাসক্ত এবং অসদাচরণকারী হওয়ায় এ ধরনের ঘটনা ঘটতে পারে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকরাম হোসেন জানান, মামলাটি রুজু করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার খবর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত তদন্ত এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

বিনোদন শীর্ষ সংবাদ