সেনাপ্রধান নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী

সেনাপ্রধান নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী

অনলাইন ডেস্ক

 

 

নবনির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর নির্দেশনা দিলেই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার বেলা ১১টায় সিএএস দরবারে সেনাবাহিনীর সকল পদমর্যাদার সদস্যদের উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে নির্বাচনি দায়িত্ব পালনের সময় সেনাসদস্যদের চমৎকার দায়িত্বশীলতা ও দক্ষতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন সেনাপ্রধান। তিনি বলেন, দেশ গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে এবং সেনাবাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছে। দেশের জনগণের স্বার্থে যা করণীয় ছিল, তা সফলভাবে সম্পন্ন করা হয়েছে।

সেনাপ্রধান উল্লেখ করেন, সেনাবাহিনী এখন নতুন সরকারের নির্দেশনার অপেক্ষায় থাকবে। সরকারের নির্দেশনা পেলেই তারা ব্যারাকে ফিরে যাবে। তিনি আরও জানান, নির্বাচনের সময় অতিরিক্ত যে বাহিনী মোতায়েন করা হয়েছিল, তা এরই মধ্যে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

ভাষণে সেনাপ্রধান ইউনিট প্রধানদের চেইন অব কমান্ড বজায় রাখার ওপর বিশেষ জোর দেন। পাশাপাশি সেনাসদস্যদের মনোবল দৃঢ় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা প্রদান করেন। এ ছাড়াও ভুল তথ্য ও অপপ্রচার (মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন) বিষয়ে সতর্ক এবং সচেতন থাকার জন্য সেনাসদস্যদের প্রতি আহ্বান জানান সেনাপ্রধান।

জাতীয় শীর্ষ সংবাদ