নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে রাজধানীর কয়েকটি সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে আজ

নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে রাজধানীর কয়েকটি সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে আজ

রাজধানী ডেস্ক

নতুন সরকারের শপথ অনুষ্ঠান উপলক্ষে আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নির্দিষ্ট কিছু সড়কে যান চলাচল সীমিত রাখা হবে। এতে সংশ্লিষ্ট রুটগুলোতে সাময়িক যানজটের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, শপথ অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে সংসদ ভবন ও আশপাশের এলাকায় যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। অনুষ্ঠানে দেশি-বিদেশি প্রায় এক হাজার ২০০ অতিথির উপস্থিতি থাকতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নতুন সরকারের সদস্যদের শপথবাক্য পাঠ করাতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

ডিএমপি জানিয়েছে, শপথ অনুষ্ঠান চলাকালীন খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন ক্রসিং) থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেকরোডে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। সংসদ ভবন এলাকায় বিপুলসংখ্যক মানুষের সমাগমের সম্ভাবনা থাকায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বিকল্প সড়ক ব্যবহার ও ডাইভারশন পরিকল্পনা নির্ধারণ করা হয়েছে। মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে আগত ফার্মগেট বা সোনারগাঁও অভিমুখী যানবাহন প্রতিরক্ষা গ্যাপ হয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, উড়োজাহাজ ক্রসিং এবং বিজয় সরণি ক্রসিং দিয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে যেতে পারবে।

ধানমন্ডি ২৭ নম্বর সড়ক থেকে ফার্মগেটমুখী যানবাহন আসাদগেট হয়ে প্রতিরক্ষা গ্যাপ দিয়ে ডানে মোড় নিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, উড়োজাহাজ ক্রসিং ও বিজয় সরণি ক্রসিং হয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে চলাচল করবে। একইভাবে আসাদগেট থেকে ফার্মগেটগামী যানবাহন বামে মোড় নিয়ে গণভবন ক্রসিং (জুলাই স্মৃতি জাদুঘর) হয়ে প্রতিরক্ষা গ্যাপ, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ও বিজয় সরণি হয়ে নির্ধারিত রুটে চলবে।

এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ইন্দিরা রোড থেকে ধানমন্ডিমুখী যানবাহন খেজুর বাগান ক্রসিং হয়ে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং, সেখান থেকে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ও প্রতিরক্ষা গ্যাপ হয়ে আসাদগেট দিয়ে ধানমন্ডির দিকে যেতে পারবে। মিরপুর রোড থেকে দক্ষিণমুখী যানবাহন শ্যামলী, শিশুমেলা ও গণভবন (জুলাই স্মৃতি জাদুঘর) হয়ে আসাদগেট দিয়ে ধানমন্ডি ২৭ নম্বর সড়কের দিকে চলাচল করবে।

এ ছাড়া শপথ অনুষ্ঠান চলাকালীন সম্ভাব্য যানজট এড়াতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট এক্সিট র‌্যাম্পের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র‌্যাম্প ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

ডিএমপি জানিয়েছে, যান চলাচল নিয়ন্ত্রণের ফলে সাময়িক অসুবিধা সৃষ্টি হলেও জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। নগরবাসীকে নির্ধারিত সময়ের মধ্যে মানিক মিয়া অ্যাভিনিউ ও লেকরোড এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে নতুন সরকারের শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, নির্ধারিত ডাইভারশন পরিকল্পনা অনুসরণ করলে যানজট ও ভোগান্তি সীমিত রাখা সম্ভব হবে।

রাজধানী শীর্ষ সংবাদ