সারাদেশ ডেস্ক
২০২৫ সালে বাংলাদেশ কোস্ট গার্ড সমুদ্রসীমা, উপকূলীয় এলাকা ও নদী তীরবর্তী অঞ্চলে পরিচালিত বিভিন্ন অভিযান থেকে প্রায় ১৭ হাজার ৫১৬ কোটি টাকার মূল্যের নিষিদ্ধ জাল, চোরাচালান ও অবৈধ সামগ্রী জব্দ করেছে। কোস্ট গার্ড সদর দপ্তর বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত এক বছরে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনায় কোস্ট গার্ড ১৫০ কোটি ৪১ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে। একই সময়ে ডাকাতি, সন্ত্রাস ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড রোধে ২০৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ৩৮০টি দেশীয় অস্ত্র, ৪ হাজার ৬৬৮ রাউন্ড তাজা গোলা এবং ৩৭০ রাউন্ড ফাঁকা গোলা উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে ১ হাজার ৫২৭ জন সন্ত্রাসী, ডাকাত, বনদস্যু ও অবৈধ কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিকে আটক করা হয়েছে। এছাড়া মানবপাচারের ঘটনায় জড়িত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে এবং মানবপাচারের উদ্দেশ্যে বন্দি থাকা ২৯৭ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পরিচালিত অভিযানে ৩৮ লাখ ৯২ হাজার পিস ইয়াবা, ২৩০ কেজি গাঁজা, ৩ হাজার ২৭৩ বোতল বিয়ার ও হুইস্কি, ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস), সাড়ে ৩ লাখ শলাকা অবৈধ সিগারেট এবং ২৬ হাজার লিটার বাংলা মদ জব্দ করা হয়েছে। এ সময় ৬৭০ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্যের বাজার মূল্য প্রায় ১৯৪ কোটি ৬০ লাখ টাকা।
কোস্ট গার্ডের ধারাবাহিক সাঁড়াশি অভিযান ও বন্দরসমূহের সুরক্ষা নিশ্চিত করার কার্যক্রমের ফলে বহির্নোঙ্গর অঞ্চলে দস্যুতা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। দেশের সমুদ্র বন্দরের নিরাপত্তা ও কার্যকারিতা পূর্বের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
এছাড়া, তেলবাহী জাহাজ এমটি বাংলার জ্যোতি, এমটি বাংলার সৌরভ এবং বিএলপিজি সোফিয়ার অগ্নিকাণ্ডে বাংলাদেশ কোস্ট গার্ড ‘ফার্স্ট রেস্পন্ডার’ হিসেবে প্রতিটি ঘটনার স্থানে পৌঁছে অগ্নি নির্বাপন ও উপকূলকে পরিবেশদূষণ থেকে রক্ষা করেছে। তাদের প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষতা ও সাহসিকতার স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (IMO) বাংলাদেশ কোস্ট গার্ডকে ‘Letter Of Commendation’ প্রদান করেছে।
মৎস্যসম্পদ সংরক্ষণ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অভিযান পরিচালনার মাধ্যমে প্রায় ১৭ হাজার ১৫২ কোটি টাকার মূল্যমানের ৫ লাখ ৬০ হাজার কেজি জাটকা, ৯০ কোটি ৮৮ লাখ পিস রেণু পোনা, ১ লাখ ৭৪ হাজার কেজি জেলি চিংড়ি, ২৫৩ কোটি ২৯ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ৫ লাখ ২৮ হাজার মিটার বেহুন্দি জাল এবং ৬৮ কোটি মিটার অন্যান্য নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। এ কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ কোস্ট গার্ড রৌপ্য পদক ২০২৫ অর্জন করেছে।
কোস্ট গার্ডের বাজেট মাত্র ৭০০ কোটি টাকা হলেও, গত এক বছরে পরিচালিত কার্যক্রমের মূল্যায়ন প্রায় ১৭ হাজার ৫১৬ কোটি টাকার, যা দেশের অর্থনৈতিক সুরক্ষা ও মৎস্যসম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সদর দপ্তর জানায়, কোস্ট গার্ড সমুদ্র, উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকায় সার্বক্ষণিক কার্যক্রম চালিয়ে দেশের সুনীল অর্থনীতিকে সমৃদ্ধিশালী করার লক্ষ্যে কাজ করছে।


