জাতীয় ডেস্ক
সরকার প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম তদারকির জন্য একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, দেশের প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম কার্যকর করার লক্ষ্য নিয়ে কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতির দায়িত্বে থাকবেন অর্থমন্ত্রী। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে থাকবেন নারী ও শিশু মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রী, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী, নারী ও শিশু মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রতিমন্ত্রী, উপদেষ্টা মাহ্দী আমিন, উপদেষ্টা রেহান আসিফ আসাদ, মন্ত্রিপরিষদ সচিব, নারী ও শিশু মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিবালয় সচিব, অর্থ বিভাগ সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সচিব, স্থানীয় সরকার বিভাগ সচিব, পরিকল্পনা মন্ত্রণালয় সচিব এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় সচিব।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘সচিব’ পদে থাকা সিনিয়র সচিবরাও কমিটিতে অন্তর্ভুক্ত হবেন। কমিটি ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নের জন্য উপযুক্ত ডিজাইন প্রণয়ন, সুবিধাভোগী পরিবার নির্ধারণের পদ্ধতি নির্ধারণ এবং প্রাথমিক পর্যায়ে দেশের আটটি বিভাগের প্রতিটিতে একটি করে উপজেলায় কার্যক্রম চালুর দায়িত্বে থাকবে।
এ কার্যক্রমের জন্য সুবিধাভোগীদের ডাটাবেজ প্রস্তুতির লক্ষ্যে জাতীয় পরিচয়পত্র ও ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেজের মধ্যে আন্তঃসংযোগ স্থাপন করে একটি ডিজিটাল ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) তৈরি করার সুপারিশ করা হয়েছে। এছাড়া আসন্ন ঈদুল ফিতরের আগে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের লক্ষ্যে কমিটিকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত একটি প্রাথমিক প্রতিবেদন প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে।
কমিটির সভা প্রয়োজন অনুসারে আয়োজন করা হবে। নারী ও শিশু মন্ত্রণালয় কমিটিকে সচিবীয় সহায়তা প্রদান করবে এবং কমিটি প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার ক্ষমতা রাখবে। প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির কার্যক্রম অবিলম্বে কার্যকর হবে।


