জাতীয় ডেস্ক
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, তাঁর নেতৃত্বাধীন সরকার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মহানবী (সা.)-এর ন্যায়পরায়ণতার আদর্শ অনুসরণ করবে। তিনি বলেন, বিএনপির সংসদীয় দলের প্রথম সভায় সিদ্ধান্ত হয়েছে যে, দল থেকে নির্বাচিত কোনো এমপি সরকারি সুবিধা নিয়ে ট্যাক্সফ্রি গাড়ি আমদানি করবেন না এবং সরকারি প্লট সুবিধা নেবেন না।
গত বুধবার রাতে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের প্রথম কার্যদিবসে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তারেক রহমান বলেন, তাবেদার মুক্ত বাংলাদেশে জনগণের ভোটের মাধ্যমে গঠিত সরকার জনগণের প্রতি জবাবদিহি নিশ্চিত করবে। তিনি দেশের নাগরিকদের উদ্দেশ্যে বলেন, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে সকল নাগরিকের জন্য দেশের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার রক্ষা করা সরকারের মূল লক্ষ্য।
ভাষণে তিনি দেশের বর্তমান আইনশৃঙ্খলা ও দুর্নীতির পরিস্থিতি তুলে ধরেন। জানান, পূর্ববর্তী শাসনব্যবস্থার দুর্নীতি ও ফ্যাসিবাদী শাসন কাঠামোর কারণে দেশের অর্থনীতি দুর্বল ও আইনশৃঙ্খলা অবনতিশীল ছিল। নতুন সরকার জনগণের মধ্যে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার করেছে। জুয়া ও মাদকের বিস্তারকে আইনশৃঙ্খলা অবনতির প্রধান কারণ হিসেবে চিহ্নিত করে সরকার সংশ্লিষ্ট বাহিনীর মাধ্যমে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে।
রমজান মাসকে কেন্দ্র করে ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি প্রধানমন্ত্রী সকল নাগরিককে কৃচ্ছতা ও সংযমের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রমজান আত্মশুদ্ধির মাস, তাই ব্যবসায়িক উদ্দেশ্যে অতিরিক্ত মুনাফা অর্জনের প্রবণতা এ মাসে পরিহার করতে হবে। সরকারের পক্ষ থেকে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং ক্রেতা-বিক্রেতার স্বার্থ রক্ষা করার জন্য যে কোনো পরামর্শ গ্রহণের প্রস্তুতি রয়েছে।
সরকার প্রধান যানজট নিরসন, রেল-নৌ-সড়ক যোগাযোগের উন্নয়ন ও শহরকেন্দ্রিক জনসংখ্যা কমানোসহ অন্যান্য জনদূর্ভোগ লাঘবের পরিকল্পনার বিষয়েও ভাষণে বিস্তারিত ব্যাখ্যা দেন। তিনি জানান, রাজধানী ঢাকাসহ বিভাগের শহরগুলোতে যানজট ও অন্যান্য জনদূর্ভোগ নিয়ন্ত্রণে সারাদেশে রেল যোগাযোগ ব্যবস্থা পুনর্বিন্যাস ও সমন্বয় করা হচ্ছে।
প্রধানমন্ত্রী দেশের যুবশক্তি ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তথ্য প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্রতিযোগিতামূলক বিশ্বে বাংলাদেশকে সম্মান ও স্বচ্ছলতার সঙ্গে টিকে থাকতে হলে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তোলার প্রয়োজন। সরকার কর্মসংস্থান এবং যোগ্য পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে কাজ শুরু করেছে।
তারেক রহমান বলেন, দীর্ঘ ১৮ বছর পর দেশে ফিরে গত বছরের ২৫ ডিসেম্বর তিনি জনগণের উদ্দেশ্যে “আই হ্যাভ এ প্ল্যান” ঘোষণা করেছিলেন। জাতীয় নির্বাচনের আগে বিভিন্ন স্থানে প্রদত্ত পরিকল্পনার প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য সরকার ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে। তিনি উল্লেখ করেন, সরকারের সকল নীতি ও উদ্যোগ দলমত, ধর্ম বা ব্যক্তিগত দর্শন নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের জন্য সমানভাবে প্রযোজ্য হবে।
ভাষণে প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি সরকার সকল ক্ষেত্রে অনাচার ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে। দেশের প্রতিটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান নিয়ম ও নীতিমালা অনুযায়ী পরিচালিত হবে, যেখানে আইন শাসনই রাষ্ট্র পরিচালনার চূড়ান্ত ভিত্তি হবে।


