বাজারে খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রাখাই প্রধান লক্ষ্য: খন্দকার আব্দুল মুক্তাদির

বাজারে খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রাখাই প্রধান লক্ষ্য: খন্দকার আব্দুল মুক্তাদির

 

অর্থ বাণিজ্য ডেস্ক

বাণিজ্য, শিল্প ও বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দাম স্থিতিশীল রাখা বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব। বিশেষ করে রমজান মাসে এ দায়িত্বের গুরুত্ব আরও বেড়ে যায়। তিনি বলেন, বাজারে পর্যাপ্ত মজুত থাকায় দাম স্থিতিশীল রাখা সম্ভব হবে।

মন্ত্রী আজ শুক্রবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমরা যখন দায়িত্ব নিয়েছি, তখন রোজা সামনে রেখে বিশেষ কিছু করার সুযোগ ছিল না। তবে ইতিবাচক দিক হচ্ছে, আমাদের হাতে যে পরিমাণ খাদ্য মজুত রয়েছে, তা বাজারমূল্য স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত।’

সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কেও মন্ত্রী বলেন, দীর্ঘ নির্বাচনি প্রচারণা ও ইশতেহারে উল্লেখিত পরিকল্পনাগুলো বাস্তবায়নের মাধ্যমে সিলেটবাসীর জীবনমান উন্নয়নে কাজ করা হবে। তিনি বিশেষভাবে কর্মসংস্থান সৃষ্টি, তথ্যপ্রযুক্তি (আইটি) সংশ্লিষ্ট পেশার প্রসার এবং একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দেন।

মন্ত্রী আরও জানান, বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা অর্জন করতে আগামী পাঁচ বছরে প্রতিটি দিন কাজে লাগিয়ে বাংলাদেশকে বৈশ্বিক অবস্থানে এগিয়ে নিতে সরকার আন্তরিকভাবে কাজ করবে। তিনি সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, প্রশাসনিক জট কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।

প্রবাসী ও দেশীয় বিনিয়োগকারীদের জন্য সিলেটে বিশেষ নীতি ও সহায়তা প্রদানের বিষয়েও মন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন, এসব বিষয়ে ইতিমধ্যেই কাজ চলছে এবং খুব শিগগিরই এর বাস্তবায়ন দৃশ্যমান হবে।

এ সময় সিলেটের সংসদ সদস্য এম এ মালিক, বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, রেঞ্জ ডিআইজি মো. মুশফেকুর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অর্থ বাণিজ্য শীর্ষ সংবাদ