জাতীয় ডেস্ক
ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মিজানুর রহমান মিনু শুক্রবার রাজশাহী সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, তিনি রাজশাহীর মাটির সন্তান এবং সকল প্রশাসনিক কর্মকর্তা একে অপরের সহকর্মী, কেউ কারও বস নন। তিনি বলেন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তাদের সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে এবং আইন সবার জন্য সমান।
মন্ত্রী আরও বলেন, প্রশাসনিক দায়িত্ব পালন করতে গিয়ে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না। কর্মকর্তাদের সততা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করতে হবে। জনগণের সঙ্গে সম্মানজনক আচরণ এবং সেবামুখী মনোভাব নিশ্চিত করতে হবে, কারণ জনগণ প্রশাসনের কাছ থেকে ন্যায়বিচার ও কার্যকর সেবা প্রত্যাশা করে।
রমজান মাসে জনদুর্ভোগ এড়াতে বিশেষ প্রস্তুতির নির্দেশ দিয়ে মন্ত্রী জানান, বাজার পরিস্থিতি, আইনশৃঙ্খলা ও জনসেবা খাতে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।
মন্ত্রী সভায় উল্লেখ করেন, প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান দেশের উন্নয়নে প্রতিদিন দীর্ঘ সময় কাজ করছেন। তাঁর নেতৃত্বে ঘোষিত ৩১ দফা কার্যক্রম বাস্তবায়নে সকল সরকারি সংস্থা সমন্বিতভাবে কাজ করবে। এছাড়া, নির্বাচন-পরবর্তী সময়ে সরকারের প্রতিটি দফতর সাংবিধানিক কাঠামোর মধ্যে পরিচালিত হবে এবং আইন নিজস্ব গতিতে কার্যকর হবে। উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বারোপ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকে এম মাসুদ-উল-ইসলাম, জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।
সভায় উপস্থিত কর্মকর্তারা মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে আলোচনা করেন। মতবিনিময় সভার মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সমন্বয় জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।


