শহীদ দিবসে প্রতিমন্ত্রীর ভাষা শহীদদের রক্তের ঋণ শোধের প্রতিশ্রুতি

শহীদ দিবসে প্রতিমন্ত্রীর ভাষা শহীদদের রক্তের ঋণ শোধের প্রতিশ্রুতি

জাতীয় ডেস্ক

শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জয়পুরহাট শহরের ডা. আবুল কাশেম ময়দানে অবস্থিত শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী শহীদদের রক্তের ঋণ শোধ করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের চব্বিশের গণ-অভ্যুত্থান—সবই ছিল সাম্য, ন্যায়বিচার ও ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই। দীর্ঘ সংগ্রামের পর জনগণের রায়ে গঠিত বর্তমান সরকারই একটি সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার মাধ্যমে শহীদদের আত্মত্যাগকে সার্থক করবে।

প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, “সালাম-বরকতদের রক্তে ভেজা রাজপথ আমাদের শোষণহীন সমাজের স্বপ্ন দেখিয়েছে। ১৭ বছরের দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলন ও সাম্প্রতিক ছাত্র-জনতার বিপ্লবের লক্ষ্য ছিল একই।” তিনি আরও বলেন, দেশের সম্পদের সুষম বণ্টন, আইনের শাসন ও মেধাভিত্তিক প্রশাসন প্রতিষ্ঠা করতে সরকার সচেষ্ট। শহীদদের আত্মত্যাগ তখনই সার্থক হবে, যখন বাংলাদেশ বিশ্বের দরবারে একটি উন্নত ও সমৃদ্ধ জাতি হিসেবে আত্মপ্রকাশ করবে।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, প্রশাসনে পদায়ন ও মূল্যায়নের একমাত্র মাপকাঠি হবে সততা, দক্ষতা ও মেধা। একটি ন্যায়ভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে বর্তমান সরকার বদ্ধপরিকর।

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ, জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান এবং যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব।

এছাড়া জেলা মুক্তিযোদ্ধা ইউনিট, জয়পুরহাট প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। দিবসটি উপলক্ষে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা এবং অন্যান্য সাংস্কৃতিক ও শিক্ষামূলক আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় শীর্ষ সংবাদ