শিক্ষা ডেস্ক
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, কেবলমাত্র আর্থিক অনিয়মই নয়, দায়িত্ব পালনে গাফিলতাও এক ধরনের দুর্নীতি। তিনি সকলকে সততা এবং দায়িত্বনিষ্ঠার সঙ্গে কর্মসম্পাদনের আহ্বান জানিয়েছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুর-১৩ নম্বরে পিটিআইতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত আলোচনাসভায় শিক্ষামন্ত্রী এসব মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, একজন শিক্ষক যদি দায়িত্ব অনুযায়ী শ্রেণিকক্ষে সময় না দেন বা পাঠদানকে দায়িত্বের সঙ্গে সম্পন্ন না করেন, তবে সেটিও দুর্নীতি হিসেবে গণ্য হবে। তিনি উদাহরণ দিয়ে বলেন, “আপনি ৮ ঘণ্টা ক্লাস নেওয়ার জন্য স্কুলে গেছেন, কিন্তু ঠিকভাবে পাঠদান করলেন না—এটি কি দুর্নীতি নয়?”
মন্ত্রী আরও বলেন, দেশের পরিবর্তন আনতে শিক্ষাক্ষেত্রকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। শিক্ষকরা যেন তাদের ছাত্র-ছাত্রীদের নিজের সন্তানের মতো সঠিকভাবে গড়ে তুলেন। তিনি এ প্রসঙ্গে উল্লেখ করেন, অনেক শিক্ষক নিজের সন্তানকে অন্য স্কুলে পড়ান; এতে প্রশ্ন ওঠে, তারা কি প্রকৃতপক্ষে দায়িত্বশীল শিক্ষক?
দুর্নীতির বিষয়টি নিয়ে মন্ত্রী বলেন, “আমি পাঁচ বছর মন্ত্রী ছিলাম, আমার বিরুদ্ধে একটিও দুর্নীতির মামলা হয়নি। আমাদের সবার উচিত নিজের জায়গা থেকে সৎ থাকা।” তিনি শিক্ষকদের প্রতি অনুরোধ জানান, তারা যেন দায়িত্ব পালনের সময় সততা ও নৈতিকতার বিষয়টি সবসময় বিবেচনায় রাখেন।
শিক্ষামন্ত্রী আরো বলেন, প্রাথমিক স্তরে প্রতিটি শিশুকে যত্নসহকারে শিক্ষাদানের মাধ্যমে শিক্ষার্থীর ঝরে পড়ার হার কমানো সম্ভব। ভবিষ্যতের বাংলাদেশ গড়ার দায়িত্ব শিক্ষকদের উপরেই নির্ভর করছে। তিনি শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করে তোলার প্রয়োজনীয়তার কথাও বলেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাপ্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ মন্ত্রণালয়ের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টরা।


