জাতীয় ডেস্ক
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের প্রত্যাশা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের আস্থা ও সমর্থনের মর্যাদা রক্ষা করাই সরকারের প্রধান দায়িত্ব, এবং তাদের চাওয়া-পাওয়া পূরণ করাই বর্তমান সরকারের লক্ষ্য।
রোববার দুপুরে গৌরনদী বাসস্ট্যান্ড অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গৌরনদী উপজেলা ও পৌর শাখার আয়োজনে গৌরনদী-আগৈলঝাড়া এলাকার ভোটকেন্দ্রভিত্তিক নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি জনবান্ধব সরকার গঠন করা হয়েছে। সরকার সাধারণ মানুষের কল্যাণে কাজ করছে। রাজনৈতিক কর্মকাণ্ডে কেউ যেন জনগণের ক্ষতির কারণ না হন। রাজনীতি কোনো ব্যক্তিগত পেশা নয়; এটি মানুষের অধিকার রক্ষার অঙ্গীকার।” তিনি আরও উল্লেখ করেন, দায়িত্ববোধ, ধৈর্য, দেশপ্রেম ও জনগণের প্রতি আস্থা নিয়েই রাজনীতি পরিচালনা করতে হবে এবং ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের স্বার্থকে প্রাধান্য দিতে হবে।
জহির উদ্দিন স্বপন গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বলেন, গণমাধ্যমকে মুক্ত, স্বাধীন ও দায়িত্বশীলভাবে কাজ করতে দিতে হবে। সরকারি দলের প্রচারযন্ত্র হিসেবে নয়, বরং দেশের বাস্তব পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরা গণমাধ্যমের প্রধান দায়িত্ব। তিনি জানান, মাঠপর্যায়ে কর্মরত সাংবাদিকদের চাকরি ও জীবন নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
অর্থনীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশের অর্থনীতির একটি বড় ভিত্তি কৃষি খাত। গার্মেন্টস শিল্প ও রেমিট্যান্স গুরুত্বপূর্ণ হলেও দেশের অধিকাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। কৃষি অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে সরকার কৃষি কার্ড চালুর উদ্যোগ নিয়েছে, যাতে কৃষকরা সহজে বীজ, কীটনাশক ও কৃষিযন্ত্রপাতি সংগ্রহ করতে পারেন। এছাড়া কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের ঘোষণা দেওয়া হয়েছে।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে গৌরনদী-আগৈলঝাড়া এলাকার বিএনপি, ছাত্রদল, যুবদল, মহিলা দল, শ্রমিক দলসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।


