চীনা বিনিয়োগে উত্তরা ইপিজেডে নতুন পোশাক কারখানা স্থাপন

চীনা বিনিয়োগে উত্তরা ইপিজেডে নতুন পোশাক কারখানা স্থাপন

 

অর্থ বাণিজ্য ডেস্ক

চীন (হংকং) ভিত্তিক প্রতিষ্ঠান তিয়ানফোর্ড বাংলাদেশ টেক্সটাইল কোম্পানি লিমিটেড উত্তরা অর্থনৈতিক প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) একটি তৈরি পোশাক প্রস্তুতকারী কারখানা স্থাপনের জন্য প্রায় ২০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। এই উদ্যোগের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি আজ বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে একটি লিজ চুক্তি স্বাক্ষর করেছে।

ঢাকাস্থ বেপজা কমপ্লেক্সে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার পক্ষে নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং তিয়ানফোর্ড বাংলাদেশ টেক্সটাইল কোম্পানি লিমিটেডের মনোনীত পরিচালক জি ঝেনিউ চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটি ১৯ দশমিক ৫৯ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে ২৪ হাজার বর্গমিটার জায়গার ওপর কারখানা নির্মাণ করবে। প্রকল্প বাস্তবায়িত হলে দেশীয় বাজারে ৩ হাজার ২৫৪ জন বাংলাদেশি নাগরিকের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

নতুন কারখানায় বছরে প্রায় ৭০ লাখ পিস বিভিন্ন ধরনের ওভেন ও নিট গার্মেন্টস উৎপাদন করা হবে। উৎপাদিত পোশাকের মধ্যে থাকবে বটম, টপ, শার্ট, জিন্স, জ্যাকেট, টি-শার্ট, পোলো শার্ট, স্পোর্টসওয়্যার, সোয়েটার, হুডিসহ সকল ধরনের জার্সি। এই পণ্যসমূহ যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, চীন, অস্ট্রেলিয়া, ব্রাজিল, যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন বাজারে রপ্তানি করা হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে স্বাগত জানিয়ে বলেন, সরকার বিনিয়োগ বৃদ্ধিতে এবং বিনিয়োগকারীদের জন্য সুবিধাজনক পরিবেশ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। তিনি উল্লেখ করেন, বেপজা আরও দক্ষ, আধুনিক ও বিনিয়োগবান্ধব সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি তিনি নতুন প্রতিষ্ঠানকে দেশের রপ্তানিমুখী শিল্পের পাশাপাশি দেশীয় শিল্পখাতকে শক্তিশালী করতে সম্ভাব্য ক্ষেত্রে মানসম্মত কাঁচামাল দেশীয় উৎস থেকে সংগ্রহের আহ্বান জানান।

তিয়ানফোর্ডের পরিচালক জি ঝেনিউ বেপজার বিনিয়োগবান্ধব নীতির প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন এবং বাংলাদেশকে বিনিয়োগকারীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, কারখানার নির্মাণ কাজ চলতি বছরের এপ্রিল থেকে শুরু হবে এবং আগামী বছর থেকে পণ্য রপ্তানি কার্যক্রম শুরু করার আশা রয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজ। তিয়ানফোর্ড বাংলাদেশ টেক্সটাইল কোম্পানি লিমিটেডের প্রতিনিধি দলেরও উপস্থিতি ছিল।

অর্থ বাণিজ্য শীর্ষ সংবাদ