ক্রীড়াবান্ধব পরিবেশ গড়ে তোলার মাধ্যমে ফেডারেশনগুলোকে স্বচ্ছল করার পরিকল্পনা ঘোষণা

ক্রীড়াবান্ধব পরিবেশ গড়ে তোলার মাধ্যমে ফেডারেশনগুলোকে স্বচ্ছল করার পরিকল্পনা ঘোষণা

ক্রীড়া ডেস্ক

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক বলেছেন, দলমত ও জাতি নির্বিশেষে সকলকে এক করার অন্যতম শক্তিশালী মাধ্যম হলো খেলাধুলা। তিনি উল্লেখ করেছেন, ক্রীড়াবান্ধব পরিবেশ সৃষ্টির মাধ্যমে দেশের ক্রীড়া ফেডারেশনগুলোকে স্বাবলম্বী এবং স্বচ্ছল করে তোলা এবং বাংলাদেশি ক্রীড়াঙ্গণকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত ‘ক্রীড়া পরিকল্পনা বাস্তবায়ন ও উন্নয়ন’ বিষয়ক পরামর্শমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। সভায় ক্রীড়া ফেডারেশন, অ্যাসোসিয়েশন এবং সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

প্রতিমন্ত্রী জানান, দেশের ক্রীড়াঙ্গণের গত এক বছরের সফলতা, ব্যর্থতা ও বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করার জন্য প্রতিটি ফেডারেশনকে আগামী সাত কার্যদিবসের মধ্যে বিস্তারিত মূল্যায়ন প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফেডারেশনগুলোও নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন পেশ করার প্রতিশ্রুতি দিয়েছে।

বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সরকার তৃণমূল পর্যায় থেকে একটি স্বচ্ছ ও সুন্দর নির্বাচন প্রক্রিয়া শুরু করতে চাচ্ছে। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের নির্বাচনের মাধ্যমে ধাপে ধাপে ফেডারেশনগুলোর আনুষ্ঠানিক নির্বাচন সম্পন্ন করা হবে।

ক্রীড়াবিদদের জীবনমান উন্নয়নের পরিকল্পনা সম্পর্কেও প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের জন্য নির্দিষ্ট বেতন কাঠামো প্রবর্তনের লক্ষ্যমাত্রা রয়েছে। প্রতিটি ফেডারেশনকে তাদের জাতীয় খেলোয়াড়দের তালিকা প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে, যা যাচাই-বাছাই করে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার মাধ্যমে খেলোয়াড়দের সহায়তা প্রদান করা হবে। এছাড়া, প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণের জন্য ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি ঈদুল ফিতরের পর শুরু করা হবে।

সভায় নিষ্ক্রিয় ফেডারেশনগুলোর সমস্যা চিহ্নিত এবং সমজাতীয় ফেডারেশনগুলো একীভূত করার বিষয়েও আলোচনা হয়েছে। এছাড়া ক্রীড়া সামগ্রীর ওপর কর কমানো এবং বিদ্যমান তফসিলভুক্ত ব্যাংকগুলোর কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) ফান্ডকে খেলাধুলায় বিনিয়োগ করার প্রস্তাবনায় গুরুত্বারোপ করা হয়েছে।

প্রতিমন্ত্রীর এ উদ্যোগগুলো ক্রীড়া প্রশাসনকে আরও দক্ষ ও স্বচ্ছ করার পাশাপাশি খেলোয়াড়দের পেশাগত নিরাপত্তা এবং ক্রীড়াঙ্গণের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সম্ভাবনা রয়েছে।

জাতীয় শীর্ষ সংবাদ