রাজনীতি ডেস্ক
ঢাকার কারওয়ান বাজারে চাঁদাবাজি প্রতিরোধ ও রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছেন ঢাকা-১২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাইফুল আলম মিলন। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কারওয়ান বাজারের কিচেন মার্কেটে ইসলামিয়া শান্তি সমিতির আয়োজনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দেন। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা, ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজি, ভয়ভীতি ও হয়রানি প্রতিরোধের প্রতিশ্রুতি প্রদান।
সংবাদ সম্মেলনে সংসদ সদস্য সাইফুল আলম মিলন বলেন, কারওয়ান বাজারে চাঁদাবাজি বন্ধ করা অনেক কঠিন হলেও ব্যবসায়ীদের সহযোগিতা এবং সরকারের সহায়তা থাকলে এ সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব। তিনি আশ্বাস দেন যে, বাজারে কোনো ধরনের চাঁদাবাজি করা হবে না এবং সরকারের সহায়তায় এ ধরনের অনিয়ম রোধ করা হবে।
সংবাদ সম্মেলনের পরে ইসলামিয়া শান্তি সমিতির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমজান উপলক্ষে তেল, চিনি, গরুর মাংসসহ সাতটি পণ্যের দাম কমানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সংসদ সদস্য সাইফুল আলম মিলন ব্যবসায়ীদের প্রতি অনুরোধ করেন, পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কিছুটা ছাড় দিয়ে বিক্রি করতে। ব্যবসায়ীরা তার বক্তব্যকে স্বাগত জানিয়ে নিজ উদ্যোগে সাতটি পণ্যের মূল্য কমানোর সিদ্ধান্ত নেন।
কমানো পণ্যের মধ্যে রয়েছে:
- রূপচাঁদা তেল ৫ লিটার, আগের ৯৪৫ টাকা থেকে কমিয়ে ৯৪০ টাকা
- ফ্রেশ তেল ৫ লিটার, আগের ৯৪০ টাকা থেকে কমিয়ে ৯৩৫ টাকা
- চিনি ফ্রেশ ১ কেজি, আগের ১০৪ টাকা থেকে কমিয়ে ১০৩ টাকা
- ট্যাং ২ কেজি বিদেশি, আগের ১৫৮০ টাকা থেকে কমিয়ে ১৫৬০ টাকা
- ছোলা ১ কেজি, আগের ৮২ টাকা থেকে কমিয়ে ৮০ টাকা
- গরুর গোশত প্রতি কেজি, আগের ৭৮০ টাকা থেকে কমিয়ে ৭৫০ টাকা
- মিনিকেট চাল প্রতি কেজি, আগের ৮২ টাকা থেকে কমিয়ে ৮১ টাকা
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকল ব্যবসায়ী রমজানকাল জুড়ে নতুন মূল্যে পণ্য বিক্রি করতে একমত পোষণ করেছেন। এছাড়াও ব্যবসায়ীরা দাবি করেছেন, যদি কারওয়ান বাজারে চাঁদাবাজি বন্ধ করা যায়, তাহলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও অনেকাংশে কমানো সম্ভব হবে।
সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারীরা আশ্বাস দিয়েছেন, ব্যবসায়ীরা সরকারের সহযোগিতা পেলে বাজারে মূল্যমানের স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হবে এবং চাঁদাবাজি প্রতিরোধ করা যাবে।


