ট্রাম্পের মন্তব্যে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার প্রতিবেদনকে প্রত্যাখ্যান

ট্রাম্পের মন্তব্যে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার প্রতিবেদনকে প্রত্যাখ্যান

 

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন, যেখানে বলা হয়েছিল জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন তাকে ইরানের ওপর হামলার সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছিলেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিলে দীর্ঘমেয়াদি যুদ্ধ বা মার্কিন সেনাদের হতাহতের সম্ভাবনা রয়েছে।

সোমবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা ইরানের সঙ্গে যুদ্ধে যাওয়ার বিরোধিতা করেছেন এমন খবর সঠিক নয়। তিনি বলেন, “ফেক নিউজ মিডিয়ায় নানা ধরনের প্রতিবেদন ছড়ানো হয়েছে, যেখানে বলা হয়েছে জেনারেল ড্যানিয়েল কেইন ইরানের সঙ্গে যুদ্ধে যাওয়ার বিরোধী। এটি শতভাগ ভুল এবং এই গল্পের উৎসও উল্লেখ করা হয়নি।” ট্রাম্প আরও উল্লেখ করেন, কেইন মনে করেন প্রেসিডেন্টের হুমকির পরিপ্রেক্ষিতে ইরানের সঙ্গে যুদ্ধ ‘সহজেই জয় করা সম্ভব’।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, জয়েন্ট চিফসের চেয়ারম্যান সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানে সম্ভাব্য হামলার বিষয়ে ট্রাম্প প্রশাসনকে সতর্ক করেছিলেন। প্রতিবেদনে আরও বলা হয়, ওই সময়ে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছিলেন।

এ বিষয়ে জয়েন্ট চিফস অব স্টাফের এক মুখপাত্র জানান, চেয়ারম্যানের দায়িত্ব হলো প্রেসিডেন্ট, প্রতিরক্ষামন্ত্রী ও ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলকে বিভিন্ন সামরিক বিকল্প, সংশ্লিষ্ট ঝুঁকি এবং সম্ভাব্য প্রভাব সম্পর্কে পরামর্শ প্রদান করা। তবে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বেসামরিক নেতৃত্বই নেন। তিনি আরও বলেন, এসব পরামর্শ সাধারণত গোপনীয়ভাবে প্রদান করা হয়।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন, জেনারেল কেইন যুদ্ধ চান না, “আমাদের সবার মতোই।” তবে তিনি উল্লেখ করেন, ইরানের বিরুদ্ধে সামরিক সিদ্ধান্ত নেওয়া হলে তা ‘সহজেই জয় করা সম্ভব’। ট্রাম্প আরও দাবি করেছেন, গত গ্রীষ্মে ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর যুক্তরাষ্ট্রের যে সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছিল, তা জেনারেল কেইনের তত্ত্বাবধানে পরিচালিত হয়।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন গণমাধ্যমে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলা নিয়ে বিভিন্ন বিশ্লেষণ ও প্রতিবেদন প্রকাশিত হয়েছে। অধিকাংশ প্রতিবেদনে বলা হয়েছে, এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

ডোনাল্ড ট্রাম্প বলেন, “সিদ্ধান্ত আমিই নেব। আমি চুক্তি করতে চাই, যুদ্ধ নয়। তবে যদি কোনো চুক্তি না হয়, তাহলে সেই দেশের জন্য এবং তাদের জনগণের জন্য কঠিন সময় আসবে।” একই সঙ্গে তিনি জেনারেল কেইনকে ‘দুর্দান্ত যোদ্ধা’ আখ্যা দিয়ে বলেছেন, তিনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর প্রতিনিধিত্ব করেন।

আন্তর্জাতিক শীর্ষ সংবাদ