বাংলাদেশ ডেস্ক
জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে শপথ গ্রহণের পর নিজ নির্বাচনী এলাকায় ফেরার সঙ্গে সঙ্গেই চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. মো. জালাল উদ্দিন মঙ্গলবার সরেজমিনে হাসপাতাল পরিদর্শন করে জনগণের চিকিৎসাসেবা সরাসরি যাচাই করেছেন।
সকালে সাড়ে দশটায় দলীয় একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম বাতিল করে তিনি সরাসরি মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছান। হাসপাতাল প্রাঙ্গণে নেতাকর্মীদের বাইরে রেখে একাই ভেতরে প্রবেশ করেন তিনি। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে সরাসরি কথা বলেন। রোগীদের শয্যার পাশে দাঁড়িয়ে বা হাতে হাত রেখে তাদের অভিজ্ঞতা, অভিযোগ ও প্রত্যাশা শোনেন।
পরিদর্শনের সময় হাসপাতালের অধিকাংশ ডাক্তার ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনুপস্থিত থাকায় এমপি ড. জালাল উদ্দিন ক্ষোভ প্রকাশ করেন। আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রাজীব কিশোর বনিককে উপস্থিত কর্মকর্তা অনুপস্থিতির কারণ জানতে চাইলে সন্তোষজনক উত্তর না পেয়ে তিনি তার উপর ক্ষিপ্ত হন। খবর পেয়ে সকাল ১১টা ১৫ মিনিটে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম রায়হান কর্মস্থলে উপস্থিত হয়ে অনুপস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেন।
হাসপাতাল পরিদর্শনের পর এমপি ড. জালাল উদ্দিন বলেন, “হাসপাতালে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। কোন রোগী সেবা বঞ্চিত হয়ে বাড়ি ফিরে না যায় তা নিশ্চিত করতে হবে। হাসপাতালের অবকাঠামো, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ডাক্তারদের সময়মতো উপস্থিতি এবং দালালমুক্ত সেবা নিশ্চিত করা অত্যাবশ্যক। যেকোনো সমস্যার বিষয়ে আমাকে অবগত করলে তা দ্রুত সমাধান করা হবে।” তিনি আরও বলেন, বর্তমানে হাসপাতালের বর্তমান অবস্থা দেখে সুস্থতা নিশ্চিত করা আরও কঠিন হয়ে পড়ছে, যা রোগীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
নবনির্বাচিত সংসদ সদস্যের হঠাৎ হাসপাতালে আগমনকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জনগণ। রোগী ও সাধারণ মানুষ নিয়মিত স্বাস্থ্য কমপ্লেক্স তদারকি করার জন্য এমপির প্রতি অনুরোধ জানিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর, এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোজাহিদুল ইসলাম কিরণ।


