বাংলাদেশ ও মালয়েশিয়ার ধর্মসহযোগিতা জোরদারে ভার্চুয়াল বৈঠক

বাংলাদেশ ও মালয়েশিয়ার ধর্মসহযোগিতা জোরদারে ভার্চুয়াল বৈঠক

 

ধর্ম ডেস্ক

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দপ্তরের ধর্মবিষয়ক মন্ত্রী সিনেটর ড. জুলকিফলি হাসান এবং বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের মধ্যে এক ভার্চুয়াল দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যে ধর্ম বিষয়ক সহযোগিতা আরও সুদৃঢ় করার ওপর গঠনমূলক আলোচনা করা হয়।

বৈঠকে হজ ব্যবস্থাপনা, যাকাত প্রশাসন এবং ধর্মীয় শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। হজ কার্যক্রম পরিচালনায় দক্ষতা বৃদ্ধি, সেবার মান উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা জোরদারের জন্য উভয় পক্ষই নির্দিষ্ট কার্যক্রমের প্রস্তাব তুলে ধরেন। হজযাত্রীদের নিবন্ধন, প্রশিক্ষণ, আবাসন এবং সার্বিক তত্ত্বাবধানে অভিজ্ঞতা বিনিময়ের বিষয়েও ইতিবাচক মতামত বিনিময় করা হয়।

যাকাত ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার এবং উপকারভোগীদের তথ্যভিত্তিক তালিকা প্রণয়নের বিষয়ে আলোচনা করা হয়। উভয় দেশের প্রতিনিধি যাকাত তহবিলের কার্যকর ব্যবহার এবং দারিদ্র্য বিমোচনে এর ভূমিকা আরও ফলপ্রসূ করার উপায় নিয়ে মতবিনিময় করেন।

ধর্মীয় শিক্ষা ব্যবস্থাকে সমসাময়িক প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও যুগোপযোগী করার লক্ষ্যে পাঠ্যক্রম উন্নয়ন, গবেষণা সহযোগিতা এবং শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। বিশেষভাবে প্রযুক্তি-সমন্বিত শিক্ষা, সহনশীলতা এবং সামাজিক সম্প্রীতির মূল্যবোধ জোরদারের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়নে যৌথ প্রশিক্ষণ, কর্মশালা এবং অভিজ্ঞতা বিনিময় কর্মসূচি আয়োজনের প্রস্তাবও উত্থাপিত হয়। উভয় মন্ত্রী পারস্পরিক সম্মান ও সদিচ্ছার ভিত্তিতে ভবিষ্যতে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ধর্ম বিষয়ক সহযোগিতা আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।

সংশ্লিষ্ট মহল জানাচ্ছে, এই ভার্চুয়াল বৈঠককে দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আলোচিত বিষয়গুলো বাস্তবায়িত হলে দ্বিপাক্ষিক ধর্মসহযোগিতার নতুন সুযোগ ও কার্যক্রমের সম্ভাবনা আরও প্রসারিত হবে।

ধর্ম শীর্ষ সংবাদ