আন্তর্জাতিক ডেস্ক
কিউবার তীব্র জ্বালানি সংকট কিছুটা লাঘবের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার নির্দিষ্ট পরিমাণ তেল কিউবায় পুনরায় বিক্রির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন ট্রেজারি বিভাগের বাণিজ্যিক ও মানবিক ব্যবহারের জন্য দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, কিউবায় ভেনেজুয়েলার তেল পুনরায় বিক্রির জন্য লাইসেন্স চাইলে অনুমোদন দেওয়া হবে। তবে কিউবার সামরিক বাহিনী, গোয়েন্দা সংস্থা বা অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ নীতি প্রযোজ্য হবে না।
গত ২৫ বছর ধরে দ্বিপাক্ষিক চুক্তির আওতায় ভেনেজুেলা কিউবার প্রধান তেল সরবরাহকারী হিসেবে কাজ করেছে। কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্রের পদক্ষেপের ফলে ভেনেজুেলা থেকে কিউবায় তেল সরবরাহ বন্ধ হয়ে যায়। বিকল্প সরবরাহকারী হিসেবে এগিয়ে আসা মেক্সিকোও কিউবায় তেল পাঠানো স্থগিত করেছে, কারণ যুক্তরাষ্ট্র কিউবায় তেল পাঠানো দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি দেয়। এর ফলে কিউবায় জ্বালানি সংকট আরও ঘনীভূত হয়েছে, যা বিদ্যুৎ উৎপাদন, যানবাহন চলাচল, গৃহস্থালি ব্যবহার ও বিমান চলাচলে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে।
ক্যারিবীয় সম্প্রদায়ের অংশ হিসেবে কারিকমের বৈঠকে অংশ নিতে সেন্ট কিটস অ্যান্ড নেভিসে অবস্থানরত নেতারা কিউবার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। জ্যামাইকার প্রধানমন্ত্রী অ্যান্দ্রো হোলনেস বলেন, “মানবিক দুর্ভোগ কারও জন্যই কল্যাণকর নয়। কিউবার দীর্ঘস্থায়ী সংকট কেবল কিউবার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না।” সম্মেলনের আয়োজক দেশটির প্রধানমন্ত্রী টেরান্স ড্রিউ বলেন, “একটি অস্থিতিশীল কিউবা আমাদের সবার জন্য অস্থিতিশীলতা বয়ে আনবে।”
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কিউবার সংকটকে দেশটির সরকারের নীতির সঙ্গে সম্পর্কিত উল্লেখ করেন। তিনি সতর্ক করে বলেন, যদি তেল সরকার বা সামরিক বাহিনীর হাতে যায়, তবে নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হবে। রুবিও আরও বলেন, কিউবাকে পরিবর্তন আনতে হবে এবং জনগণের জীবনমান উন্নয়নের একমাত্র উপায় হল অর্থনৈতিক নীতিতে সংস্কার এবং শক্তিশালী বেসরকারি খাতের উন্নয়ন।
এদিকে মেক্সিকো ও কানাডা কিউবায় মানবিক সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে। এছাড়া রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী অ্যালেকজেন্ডার নোভাক জানিয়েছেন, তার সরকার কিউবায় জ্বালানি সরবরাহের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে।
অন্যদিকে, কিউবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফ্লোরিডা-নিবন্ধিত একটি দ্রুতগতির নৌযান কিউবার জলসীমায় প্রবেশ করলে নিরাপত্তা বাহিনীর গুলিতে চারজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। এই ঘটনায় কোনো মার্কিন সরকারি সংস্থা জড়িত নয় বলে মার্কো রুবিও জানিয়েছেন।
বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সিদ্ধান্ত কিউবার মানবিক পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করার পাশাপাশি আন্তর্জাতিক চাপ কমাতে একটি কৌশল হিসেবে দেখা যেতে পারে। তবে কিউবার সরকারের নীতি ও অর্থনৈতিক ব্যবস্থাপনার উন্নতি না হলে দীর্ঘমেয়াদি সমাধান আনতে কঠিন হবে।


