সংগীত জগতে মরণোত্তর একুশে পদক পেলেন আইয়ুব বাচ্চু

সংগীত জগতে মরণোত্তর একুশে পদক পেলেন আইয়ুব বাচ্চু

জাতীয় ডেস্ক

শিল্পকলা (সংগীত) ক্ষেত্রে মরণোত্তর একুশে পদক পেয়েছেন বিশিষ্ট গীতিকার, কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক আইয়ুব বাচ্চু। ২৬ ফেব্রুয়ারি রাজধানীতে অনুষ্ঠিত ‘একুশে পদক ২০২৬’ প্রদান অনুষ্ঠানে পদকটি তার স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা গ্রহণ করেন।

আইয়ুব বাচ্চু ছিলেন গিটারিস্ট, কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার হিসেবে আন্তর্জাতিকভাবে সুপরিচিত। তিনি বাংলাদেশি রক ব্যান্ড এলআরবি (LRB)-এর প্রতিষ্ঠাতা এবং দক্ষিণ এশীয় সঙ্গীত অঙ্গনের একজন উজ্জ্বল প্রতিনিধি। তাঁর সংগীত জীবন বাংলাদেশের রক সঙ্গীতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

১৯৮০-এর দশক থেকে আইয়ুব বাচ্চু প্রায় ১৩০ জন শিল্পীর সঙ্গীত পরিচালনা করেছেন। তাঁর কনসার্ট সংখ্যা আড়াই হাজারের বেশি, যা দেশে ও বিদেশে অনুষ্ঠিত হয়েছে। এ কনসার্টগুলোতে ব্লুজ, হার্ড রক এবং শাস্ত্রীয় সঙ্গীতের বিভিন্ন প্রভাব স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে।

আইয়ুব বাচ্চু বাংলাদেশের সঙ্গীতভুবনে রক সঙ্গীতের একটি স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছেন। তাঁর সঙ্গীতে স্থানীয় আবেগ ও বৈশ্বিক সুরের সমন্বয় লক্ষ্য করা যায়, যা দেশের রক ধারাকে সমৃদ্ধ করেছে। তিনি শুধু একজন গীতিকর বা সঙ্গীতশিল্পী ছিলেন না, বরং বাংলাদেশে রক সঙ্গীতকে একটি স্বতন্ত্র ও আধুনিক দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন করেছেন।

মরণোত্তর এ স্বীকৃতি আইয়ুব বাচ্চুর অবদানের প্রতি রাষ্ট্রের শ্রদ্ধার প্রতিফলন। তার শিল্পীজীবন এবং সঙ্গীতভবনে তার প্রভাব আগামী প্রজন্মের শিল্পীদের জন্য দিকনির্দেশক হিসেবে কাজ করবে।

বিনোদন শীর্ষ সংবাদ