জাতীয় ডেস্ক
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আগামী ৫ মার্চের মধ্যে সকল হজযাত্রীর ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে দেশের ৩০টি প্রধান হজ এজেন্সিকে নির্দেশ দিয়েছে। বুধবার মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিতে এ এজেন্সিগুলোর প্রতি হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা, টিকা গ্রহণ এবং ভিসা আবেদন সংক্রান্ত গ্রুপিং কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, বর্তমানে এই ৩০টি এজেন্সির অধীনে মোট ৭ হাজার ৩৫৫ জন হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা এখনও বাকি রয়েছে। এদের মধ্যে সর্বোচ্চ ১ হাজার ৩০৬ জন স্বাস্থ্য পরীক্ষা বাকি রয়েছে বাংলাদেশ ওভারসিজ সার্ভিসেস-এর এবং সর্বনিম্ন ১০ জন বাকি রয়েছে এহসান এয়ার ট্রাভেলস-এর।
মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২০ মার্চের মধ্যে হজযাত্রীদের ভিসা প্রক্রিয়া শেষ করতে হবে। ভিসা আবেদনের পূর্বে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা, ফিটনেস সনদ সংগ্রহ এবং নির্ধারিত টিকা গ্রহণ বাধ্যতামূলক। ভিসা প্রক্রিয়ার জন্য হজযাত্রীদের গ্রুপ তৈরি এবং আনুষঙ্গিক কারিগরি কার্যক্রম সম্পন্ন করতে সাধারণত ৫ থেকে ১০ দিন সময় লাগে। তবে কারিগরি জটিলতা দেখা দিলে এই সময় আরও বাড়তে পারে।
চিঠিতে আরও বলা হয়েছে, ২০ মার্চের কাছাকাছি সময়ে ঈদুল ফিতরের ছুটির কারণে বাংলাদেশ ও সৌদি আরব উভয় দেশের সংশ্লিষ্ট অফিসগুলো বন্ধ থাকবে। তাই ২০ মার্চের অনেক আগেই স্বাস্থ্য পরীক্ষা, টিকা প্রদান এবং ভিসা প্রক্রিয়াকরণ শেষ করা প্রয়োজন, যাতে যাত্রাপত্র এবং অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রমে কোনো বিঘ্ন না ঘটে।
মন্ত্রণালয় সব হজ এজেন্সিকে তৎপরভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং বাকি থাকা হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকা প্রদান নিশ্চিত করতে বলেছেন। এছাড়া ভিসা প্রক্রিয়াকরণের জন্য প্রযুক্তিগত সহায়তা দ্রুত কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে যাত্রা সময়মতো সম্পন্ন করা সম্ভব হয়।


