জাতীয় ডেস্ক
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, জুলাই আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যা বিএনপি নেতা তারেক রহমানের নেতৃত্বের ফল। ‘২৪-এর চেতনায় দেশ ফ্যাসিবাদমুক্ত হওয়ার পর এখন লক্ষ্য হলো বৈষম্যহীন এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা-২ আসনের উদ্যোগে কেরানীগঞ্জ উপজেলার আটি ভাওয়াল স্কুল মাঠে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, “বিএনপি গণমানুষের দল; কিন্তু দলের নাম ব্যবহার করে কেউ অন্যায় করলে তাকে আগে গ্রেফতার করতে হবে। জনগণের সেবায় প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তা সহ্য করা হবে না।” তিনি সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি এবং ভূমিদস্যুতার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন এবং বলেন, দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে আমান বলেন, “যদি আমার দলের কেউও এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাকে প্রথমে গ্রেফতার করুন এবং যথাযথ ব্যবস্থা নিন।”
খাল খননের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ১৯৭২-৭৫ সালে খাল খননের মাধ্যমে খাদ্য উৎপাদন দ্বিগুণ হয়েছিল। এই কর্মসূচি কৃষিতে এক ধরনের বিপ্লব হিসেবে বিবেচিত হয়, যা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর উদ্যোগে বাস্তবায়িত হয়েছিল।
তিনি আরও বলেন, “‘২৪-এর চেতনায় ফ্যাসিবাদমুক্ত হওয়ার পর এখন সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে বৈষম্যহীন ও ন্যায়সঙ্গত সমাজ গঠন নিশ্চিত করতে হবে।”
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, কেরানীগঞ্জ সহকারী কমিশনার জান্নাতুল মাওয়া এবং কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম।


