ঢাকা মহানগরীতে ভূমিকম্প প্রস্তুতি: প্রধানমন্ত্রী ১ লাখ স্বেচ্ছাসেবী তৈরি করার নির্দেশ দিয়েছেন

ঢাকা মহানগরীতে ভূমিকম্প প্রস্তুতি: প্রধানমন্ত্রী ১ লাখ স্বেচ্ছাসেবী তৈরি করার নির্দেশ দিয়েছেন

জাতীয় ডেস্ক

ঢাকা: রাজধানী ঢাকায় সম্ভাব্য ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী তারেক রহমান নগরীতে ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন। রবিবার (১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এই তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব।

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ভূমিকম্পের প্রাথমিক প্রতিক্রিয়ার জন্য শহরের খেলার মাঠ ও স্কুলগুলো আশ্রয় কেন্দ্র হিসেবে চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন। এছাড়া তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে ভূমিকম্পের সময় ও পরবর্তী করণীয় বিষয়ে জনগণকে ব্যাপকভাবে সচেতন করার উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

আসাদুল হাবিব আরও জানান, রাজধানীতে ভূমিকম্প মোকাবেলায় একটি প্রাথমিক পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। এই পরিকল্পনার কার্যকারিতা এবং বাস্তবায়ন কৌশল নির্ধারণের জন্য আগামী ১১ মার্চ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।

দূর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা ভূমিকম্প প্রবণ এলাকায় অন্তর্ভুক্ত। নগর পরিকল্পনা, জনসংখ্যার ঘনত্ব এবং অবকাঠামোর দুর্বলতার কারণে প্রাকৃতিক দুর্যোগে প্রস্তুতি গ্রহণের গুরুত্ব আরও বেড়ে গেছে। সরকার আশ্রয় কেন্দ্র, জরুরি চিকিৎসা সেবা, ত্রাণ সামগ্রী এবং যোগাযোগ ব্যবস্থা প্রস্তুত রাখতে এই প্রাথমিক পরিকল্পনায় গুরুত্বারোপ করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, বড় শহরে ভূমিকম্পের প্রভাব কমানোর জন্য স্থানীয় স্বেচ্ছাসেবী বাহিনী গঠন এবং জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রস্তুতি ত্রাণ ও উদ্ধার কার্যক্রমকে দ্রুত এবং কার্যকরভাবে পরিচালনা করতে সহায়তা করবে।

সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যে, স্বেচ্ছাসেবীদের তালিকা প্রস্তুত করা, প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত মোবাইল ও রেডিও যোগাযোগ ব্যবস্থা সক্রিয় রাখার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এছাড়া, আশ্রয়কেন্দ্রগুলোর নিরাপত্তা, খাদ্য ও পানি সরবরাহ, এবং মেডিকেল সাপোর্টের প্রস্তুতিও গুরুত্ব সহকারে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই উদ্যোগ বাস্তবায়িত হলে, রাজধানী ঢাকায় ভূমিকম্প-পরবর্তী জরুরি পরিস্থিতিতে মানুষের নিরাপত্তা এবং সহায়তা কার্যক্রমে উল্লেখযোগ্য সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

জাতীয় শীর্ষ সংবাদ