পররাষ্ট্র ডেস্ক
বাংলাদেশ সরকার মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এবং সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে আকাশপথ বন্ধ থাকায় আটকে পড়া কর্মীদের সহায়তার জন্য সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখা হচ্ছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং পররাষ্ট্র সচিব। বৈঠকে তেহরানে অবস্থানরত বাংলাদেশ মিশনের প্রধানের সঙ্গে টেলিফোনে আলোচনা করা হয়।
বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও বিরোধপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে সেখানে থাকা বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। আকাশপথ বন্ধ থাকায় মধ্যপ্রাচ্যে যাওয়ার পথে থাকা বাংলাদেশি কর্মীদের যাতায়াতে বাধা সৃষ্টি হওয়ায় তাদের সহায়তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সমন্বয় বাড়ানো হবে। ইতোমধ্যে কিছু দেশ ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে।
সরকার দেশের বিভিন্ন বিমানবন্দরে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা হচ্ছে, যাতে উদ্ভূত সমস্যাগুলো দ্রুত সমাধান করা যায়।
তেহরানে অবস্থিত বাংলাদেশ মিশনের স্থাপনা, কূটনীতিক ও কর্মকর্তা-কর্মচারী এবং ইরানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে সংঘাত ও উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে বাংলাদেশ পুনর্ব্যক্ত করেছে যে, প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান অপরিহার্য। সংঘাত কখনও স্থায়ী সমাধান বয়ে আনে না; তাই সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে বিরোধের শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
এছাড়া, সরকার পরিস্থিতির উন্নতি হলে গমনেচ্ছু এবং বর্তমানে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের মধ্যপ্রাচ্যে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য সংশ্লিষ্ট দেশগুলোর কাছে অনুরোধ জানিয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে দেশের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং যাতায়াতের সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব হবে।


