গণপরিবহন আধুনিকায়ন ও নারীর নিরাপত্তায় নতুন উদ্যোগ নেবে সরকার

গণপরিবহন আধুনিকায়ন ও নারীর নিরাপত্তায় নতুন উদ্যোগ নেবে সরকার

জাতীয় ডেস্ক

গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়ন ও যাত্রীদের যাতায়াত সুবিধা বৃদ্ধির লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণের পরিকল্পনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (সোমবার, ২ মার্চ) সকালে সচিবালয়ে পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল হকের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব পরিকল্পনার খুঁটিনাটি বিষয় তুলে ধরেন।

অধ্যাপক শামসুল হক জানান, বৈঠকে মেট্রোরেল ও মনোরেলসহ বিভিন্ন আধুনিক গণপরিবহন ব্যবস্থা বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তিনি বলেন, “গণপরিবহন আধুনিকায়ন ও মানুষের দুর্ভোগ কমাতে মেট্রোরেলের পাশাপাশি মনোরেলসহ কী কী ব্যবস্থা নেয়া যেতে পারে, তা নিয়ে আলোচনা হয়েছে।”

বৈঠকে রাজধানীর বিকেন্দ্রীকরণ এবং দ্রুতগতির ট্রেন চালুর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ঢাকা শহরের যাতায়াতের চাপ কমানো এবং বিভিন্ন এলাকার সঙ্গে মূল শহরের সংযোগ উন্নত করতে দ্রুতগতির ট্রেন প্রবর্তনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।

অধ্যাপক শামসুল হক আরও জানান, প্রধানমন্ত্রী মনোরেল প্রকল্পকে সাশ্রয়ী ও কার্যকর গণপরিবহন ব্যবস্থা হিসেবে বাস্তবায়নের সম্ভাবনা যাচাই করার নির্দেশ দিয়েছেন। বিশেষভাবে নারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আগামী ছয় মাসের মধ্যে নারীদের জন্য বিদ্যুৎচালিত বিশেষায়িত বাস নামানোর পরিকল্পনার কথা উল্লেখ করেছেন। এসব বাসে নারী চালক নিয়োগের বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে, যাতে নারী যাত্রীরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারেন।

পরিবহন খাতের বিশেষজ্ঞরা মনে করছেন, মনোরেল এবং দ্রুতগতির ট্রেনসহ আধুনিক গণপরিবহন ব্যবস্থা বাস্তবায়ন হলে রাজধানীর যাতায়াতের ঘনত্ব ও যাত্রীদের দৈনন্দিন ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমে যাবে। এছাড়া নারী যাত্রীদের জন্য বিশেষায়িত বাস চালু হলে তাদের নিরাপত্তা নিশ্চিত হওয়া এবং যাতায়াতের স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে।

সরকারের এই উদ্যোগগুলো দেশের গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়ন এবং নিরাপদ, কার্যকর ও সাশ্রয়ী যাতায়াত নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

জাতীয় শীর্ষ সংবাদ