গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর হাসপাতালে ভর্তি এনসিপি নেতা ডা. মাহমুদা আলম মিতু

গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর হাসপাতালে ভর্তি এনসিপি নেতা ডা. মাহমুদা আলম মিতু

রাজনীতি ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা আলম মিতু গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গাইনোকোলজিক্যাল জটিলতার কারণে গত ২৩ ফেব্রুয়ারি তার শারীরিক অবস্থা হঠাৎ করেই অবনতি ঘটে, যার পর জরুরি অস্ত্রোপচার করা হয়।

অস্ত্রোপচারের আগে ডা. মিতু প্রায় শক অবস্থায় ছিলেন এবং পেটের ভেতরে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে গুরুতর জটিলতা দেখা দেয়। অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হলেও পরবর্তী সময়ে নতুন কিছু জটিলতা সৃষ্টি হয়। বর্তমানে তিনি পোস্ট-অপারেটিভ ফুসফুসের সংক্রমণসহ একাধিক জটিলতায় ভুগছেন। শরীরের বিভিন্ন পরীক্ষার সূচক যেমন সেপটিসেমিয়া, নিউট্রোফিলিয়া, ডি-ডাইমার, লিভার এনজাইম, সি-আর-পি এবং ডব্লিউবিসি বৃদ্ধি পেয়েছে।

এছাড়া ডা. মিতুর হাই ডায়াবেটিস (ইনসুলিন নির্ভর) এবং অক্সিজেন সাপোর্ট ছাড়া রক্তের স্যাচুরেশন কমে যাওয়ার সমস্যা রয়েছে। চিকিৎসকরা তার শারীরিক অবস্থা মনিটর করছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা অব্যাহত রেখেছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ডা. মিতুর ভেরিফায়েড ফেসবুক আইডিতে তার স্বামী তথ্যটি প্রকাশ করে দেশবাসী ও শুভানুধ্যায়ীদের দোয়া কামনা করেন। তিনি উল্লেখ করেছেন, অস্ত্রোপচারের পর কিছু প্যারামিটার কমে আসলেও কিছু নতুন সূচক বৃদ্ধি পেয়েছে এবং চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এনসিপির বিভিন্ন নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ডা. মিতুর দ্রুত সুস্থতার জন্য দোয়া ও শুভেচ্ছা জানিয়েছেন। হাসপাতাল থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, তার শারীরিক অবস্থার উন্নতি এবং জটিলতা মোকাবিলার জন্য পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।

রাজনীতি শীর্ষ সংবাদ