বাংলাদেশ ডেস্ক
জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে আরও কার্যকর, দক্ষ ও জনবান্ধব করে গড়ে তোলার জন্য সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তাঁর দপ্তরে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাৎকালে এই প্রতিশ্রুতি প্রদান করা হয়। জাইকার বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।
বৈঠকে জাইকার অর্থায়নে স্থানীয় সরকার খাতে বাস্তবায়িত ও চলমান বিভিন্ন মেগা প্রকল্পের অগ্রগতি, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। আলোচিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে স্থানীয় সরকার ব্যবস্থার ক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তিগত সহযোগিতা উন্নয়ন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ পানি সরবরাহ ও পানি শোধনাগার স্থাপন, এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রম।
মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাপানি ভাষাশিক্ষা এবং গুণগত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বাংলাদেশের তরুণদের জাপানে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির আহ্বান জানান। তিনি নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্পসমূহ সম্পন্ন করার জন্য গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং সরকারের কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য জাইকার অব্যাহত সহযোগিতা কামনা করেন।
জাইকার প্রতিনিধি দল নবনিযুক্ত মন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করে যে, মন্ত্রীর নেতৃত্বে দেশের স্থানীয় সরকার খাতে গুণগত পরিবর্তন আনা সম্ভব হবে।
মন্ত্রী সংশ্লিষ্ট সকল পর্যায়ে—সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন—উন্নয়নে জাপান সরকার এবং জাইকার অব্যাহত সহায়তার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।


