ইসরায়েলে কিছু যুদ্ধকালীন বিধিনিষেধ শিথিল

ইসরায়েলে কিছু যুদ্ধকালীন বিধিনিষেধ শিথিল

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের মিসাইল হামলার পরিমাণ কমে যাওয়ায় ইসরায়েলি সরকার কিছু যুদ্ধকালীন বিধিনিষেধ শিথিল করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর সাধারণ মানুষের ওপর আরোপিত কিছু সীমাবদ্ধতা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শিথিল করা হবে।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত প্রায় ৩টার দিকে প্রতিরক্ষা বাহিনী জানায়, এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষ সীমিত কার্যক্রমে অংশ নিতে পারবেন। এর আগে শুধুমাত্র জরুরি কার্যক্রম সম্পাদন করতে পারতেন নাগরিকরা। তবে শিক্ষা প্রতিষ্ঠান এই শিথিলতার আওতায় নেই এবং পুরোপুরি বন্ধ থাকবে।

নতুন নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ৫০ বা তার বেশি মানুষ একসঙ্গে জমায়েত করতে পারবে। তবে এই ধরনের জমায়েত স্থানে কাছাকাছি বোমা শেল্টার থাকা বাধ্যতামূলক, যাতে কোনো হুমকি সৃষ্টি হলে দ্রুত শেল্টারে আশ্রয় নেওয়া যায়।

এর পাশাপাশি, বোমা শেল্টার নিকটবর্তী অবস্থানে থাকলে অফিস ও অন্যান্য কর্মস্থলও খোলা যাবে এবং কাজকর্ম চালানো যাবে। এই শিথিলতা স্থানীয় অর্থনীতি ও দৈনন্দিন জীবনে কিছু স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু করার সুযোগ তৈরি করবে।

ইসরায়েলের নিরাপত্তা কর্তৃপক্ষ নিয়মিতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুসারে অতিরিক্ত বিধিনিষেধ বা শিথিলতার সিদ্ধান্ত গ্রহণ করবে।

আন্তর্জাতিক শীর্ষ সংবাদ