চট্টগ্রামে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার প্রতিশ্রুতি

চট্টগ্রামে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার প্রতিশ্রুতি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, রাষ্ট্রের মালিক জনগণ এবং সরকার তাদের সেবক। তিনি বলেন, সরকারি কার্যক্রম পরিচালনার সময় জনগণের ম্যান্ডেটের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং জবাবদিহিতা নিশ্চিত করা সরকারের প্রধান লক্ষ্য।

বুধবার বিকেল সাড়ে তিনটায় চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় চট্টগ্রাম বিভাগের ও জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলার সময় মন্ত্রী এ মন্তব্য করেন। তিনি বলেন, পূর্ববর্তী সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা আরও শক্তিশালী করার দিকে সরকার জোর দিচ্ছে। নির্বাহী বিভাগকে দলীয়করণ বা অপব্যবহার থেকে বিরত রেখে একটি কার্যকর ও শক্তিশালী প্রশাসনিক কাঠামো গড়ে তোলাই সরকারের অগ্রাধিকার।

মন্ত্রী জানান, সরকার ইতোমধ্যে নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে কাজ শুরু করেছে। ফ্যামিলি কার্ড কর্মসূচির পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং দেশের ৪ কোটি ১০ লাখ পরিবারের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে কার্ড বিতরণের পরিকল্পনা রয়েছে। ঈদের আগে এই কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট প্রশাসনিক ইউনিটগুলোকে পূর্ব প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

একইসঙ্গে তিনি কৃষককার্ড কর্মসূচির বিষয়টি উল্লেখ করেন। মন্ত্রী বলেন, স্মার্ট কার্ডের মাধ্যমে সার, বীজ, কীটনাশক, কৃষিযন্ত্র ও কৃষি ঋণসহ বিভিন্ন সেবা সরাসরি কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে, যাতে মধ্যস্বত্বভোগী বা দুর্নীতির সুযোগ সীমিত থাকে।

মতবিনিময় সভায় চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন সভাপতিত্ব করেন। সভায় গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাসহ বিভাগ ও জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর মন্ত্রী বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র পরিদর্শন করেন এবং সেখানে কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী ও কলাকুশলীদের সঙ্গে মতবিনিময় করেন।

জাতীয় শীর্ষ সংবাদ