প্রধানমন্ত্রীর নতুন ফটোগ্রাফার হিসেবে পাবনার খালেদ হোসেন পরাগ নিয়োগ

প্রধানমন্ত্রীর নতুন ফটোগ্রাফার হিসেবে পাবনার খালেদ হোসেন পরাগ নিয়োগ

জাতীয় ডেস্ক

পাবনার ফটোসাংবাদিক খালেদ হোসেন পরাগকে মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ফটোগ্রাফার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, খালেদ হোসেন পরাগকে অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে মাননীয় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি জাতীয় বেতন স্কেলের গ্রেড-৯ এর সর্বশেষ ধাপে বেতন এবং অন্যান্য প্রাপ্য সুবিধা পাবেন। তার যোগদানের তারিখ থেকে এই নিয়োগ প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি পর্যন্ত কার্যকর থাকবে, যা আগে ঘটে।

খালেদ হোসেন পরাগ প্রায় তিন দশক ধরে ফটোসাংবাদিকতা ও সাংস্কৃতিক-রাজনৈতিক ক্ষেত্রে সক্রিয়। তিনি তার পেশাজীবন শুরু করেন দৈনিক দিনকাল পত্রিকায় ফটোসাংবাদিক হিসেবে। পাশাপাশি তিনি বিএনপির অঙ্গসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস-এর পাবনা জেলা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পাবনায় তিনি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গঠনের ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা রেখেছেন। তার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে আজকের প্রজন্ম ফোরাম, হেডে ক্রিয়েটিভ গ্রুপ, পাবনা ফটোগ্রাফারস ফোরাম, পাবনা সাইক্লিস্ট ফোরাম, মাইপাবনা ডট কম, পাবনা ফিল্ম সোসাইটি এবং পাবনা ইয়াং জার্নালিস্ট ফোরাম। এসব সংগঠনের মাধ্যমে তরুণদের সাংস্কৃতিক চর্চা, সৃজনশীলতা ও পেশাগত দক্ষতা উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন তিনি।

খালেদ হোসেন পরাগের ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম ‘ছবির গল্প বাংলাদেশ’। এই প্ল্যাটফর্মের মাধ্যমে তিনি প্রায় দুই দশক ধরে বিএনপি ও জিয়া পরিবারের গুরুত্বপূর্ণ মুহূর্ত ক্যামেরাবন্দি ও সংরক্ষণ করছেন। ২০০৬ সালে প্রকাশিত তরুণ তারেক রহমানের ইউনিয়ন প্রতিনিধি সভার বিস্তৃত ফটোডকুমেন্টেশন বই “ছবির গল্প” উল্লেখযোগ্য প্রকাশনা হিসেবে বিবেচিত হয়। এছাড়াও, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রামের আলোকচিত্রসমৃদ্ধ ফটোডকুমেন্টেশন “দেশনেত্রী” প্রকাশনা তার গুরুত্বপূর্ণ কাজের অংশ।

সর্বশেষ তথ্য অনুযায়ী, খালেদ হোসেন পরাগ প্রধানমন্ত্রীর দাপ্তরিক কার্যক্রম, রাজনৈতিক কর্মসূচি, রাষ্ট্রীয় সফর, সভা-সমাবেশ এবং গুরুত্বপূর্ণ বৈঠকের আলোকচিত্র ধারণ, সংরক্ষণ ও নথিবদ্ধ করার দায়িত্ব পালন করবেন। এছাড়া, প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচির ভিজ্যুয়াল ডকুমেন্টেশন ও আর্কাইভ সংরক্ষণেও তার ভূমিকা থাকবে।

জাতীয় শীর্ষ সংবাদ