জাতীয় ডেস্ক
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য গুলশান কার্যালয়ে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় দিন শনিবার (৭ মার্চ) সকালে শুরু হয়েছে। সকাল সোয়া ১০টায় এই কর্মসূচিতে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান অংশগ্রহণ করেন। কর্মশালার উদ্বোধন শুক্রবার (৬ মার্চ) করা হয়েছিল। অনুষ্ঠানে নিজেও প্রশিক্ষণার্থীদের সারিতে বসে কার্যক্রমে অংশ নেন তিনি। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার একমাত্র সন্তান জাইমা রহমান।
সকাল ও বিকাল দুই পর্বে কর্মশালার কার্যক্রম অনুষ্ঠিত হয়। সকালের পর্বে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের নবনির্বাচিত এমপিরা অংশগ্রহণ করেন। বিকালের পর্বে অংশ নেন রাজশাহী, রংপুর, সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের সংসদ সদস্যরা।
বিএনপি সূত্রে জানানো হয়েছে, কর্মশালার মূল উদ্দেশ্য হলো নবনির্বাচিত এমপিদের সংসদীয় কার্যপ্রণালী, দায়িত্ব ও নীতি-নির্দেশনা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া। এতে এমপিদের পয়েন্ট অব অর্ডার উত্থাপন, বিল প্রণয়ন ও আলোচনায় অংশগ্রহণের কৌশল, নিজের এলাকায় সমস্যা তুলে ধরা এবং রাষ্ট্রপতির ভাষণসহ বিভিন্ন সংসদীয় কার্যক্রমের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। এছাড়া মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে সংসদীয় সম্পর্ক, মন্ত্রণালয় পরিচালনায় দক্ষতা বৃদ্ধির কৌশল এবং কৌশলগত ভূমিকার বিষয়গুলোও আলোচিত হয়।
প্রশিক্ষক হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন অভিজ্ঞ সাবেক সরকারি কর্মকর্তা, একাডেমিশিয়ান এবং সাবেক সংসদ সদস্যরা। সিনিয়র নেতাদের মধ্যে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাহ উদ্দিন আহমদ, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, গয়েশ্বর চন্দ্র রায়, জহির উদ্দিন স্বপন, নুরুল ইসলাম মনি এবং খায়রুল কবির খোকন।
এয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি ২০৯ জন সংসদ সদস্য নির্বাচিত করেছে, যাদের মধ্যে ১৪৬ জন প্রথমবারের মতো সংসদে বসছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, নতুন এমপিদের সংসদীয় বিধি-বিধান ও কার্যপ্রণালী সম্পর্কে অভিজ্ঞতা কম থাকায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ১২ মার্চ বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। এই অধিবেশনকে সামনে রেখে নবনির্বাচিত এমপি ও মন্ত্রিসভার সদস্যদের জন্য এ প্রশিক্ষণ কর্মশালা আয়োজিত হয়েছে, যা তাদের সংসদীয় কার্যক্রমে দক্ষতা ও প্রস্তুতি নিশ্চিত করার লক্ষ্যকে কেন্দ্র করে গঠিত।


