২৫শে মার্চে সারাদেশে এক মিনিটের প্রতীকী ব্ল্যাকআউট পালন

২৫শে মার্চে সারাদেশে এক মিনিটের প্রতীকী ব্ল্যাকআউট পালন

জাতীয় ডেস্ক

সরকার ১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতায় নিহত শহীদদের স্মরণে আগামী ২৫শে মার্চ সারাদেশে এক মিনিটের প্রতীকী ব্ল্যাকআউট আয়োজন করবে। সরকারি নির্দেশনা অনুযায়ী, ওইদিন রাত ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত জরুরি স্থাপনা ও কেপিআইভুক্ত এলাকা ব্যতীত সারাদেশে আলো বন্ধ থাকবে।

রোববার (৮ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এই কর্মসূচি চূড়ান্তভাবে অনুমোদন করা হয়। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে ২৫শে মার্চ গণহত্যা দিবস এবং ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস মর্যাদাপূর্ণভাবে উদযাপনের জন্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ২৫শে মার্চ রাতে কোনো আলোকসজ্জা করা যাবে না। এছাড়া ২৬শে মার্চ স্বাধীনতা দিবসেও আলোকসজ্জার ওপর নিষেধাজ্ঞা থাকবে। এই নির্দেশনাগুলো বাস্তবায়নের জন্য বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি এবং জেলা প্রশাসকদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সভায় উল্লেখ করা হয় যে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ২৭শে জানুয়ারির সভার সিদ্ধান্তের আলোকে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়গুলো বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করবে।

দিবসটি উপলক্ষে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হবে। স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে ২৫শে মার্চের গণহত্যার ইতিহাস তুলে ধরা হবে।

এছাড়া দুপুর ১২টা থেকে দেশের সব সিটি করপোরেশন এলাকায় গণহত্যা বিষয়ক তথ্যভিত্তিক প্রামাণ্যচিত্র ও দুর্লভ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। পুলিশ প্রশাসন ও স্থানীয় প্রশাসনকে এই কর্মসূচি সফল করার জন্য সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

শহীদদের আত্মার শান্তি কামনায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সারাদেশে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করবে। ২৫শে মার্চ বাদ জোহর বা সুবিধাজনক সময়ে দেশের সব মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে।

বিদ্যুৎ বিভাগ ও জেলা প্রশাসন প্রতীকী ব্ল্যাকআউট কার্যক্রম সফল করতে প্রয়োজনীয় কারিগরি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুই দিবসকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।

জাতীয় শীর্ষ সংবাদ