ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পূজা চেরির বাগদান ঘোষণা

ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পূজা চেরির বাগদান ঘোষণা

বিনোদন ডেস্ক

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে প্রথমবারের মতো তার ব্যক্তিগত জীবনের বিষয় প্রকাশ্যে এনেছেন। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে পূজা জানিয়েছেন, তিনি আর সিঙ্গেল নন এবং ইতোমধ্যে বাগদান সম্পন্ন হয়েছে। অভিনেত্রী জানান, ভবিষ্যতের সংসার ঠিক রাখতে প্রয়োজনে তিনি অভিনয় থেকেও বিরতি নিতে প্রস্তুত।

পডকাস্টে পূজা চেরি বলেন, ‘‘আমি এনগেজড। এটি প্রথমবার আমি বিষয়টি প্রকাশ্যে বলছি। এর আগে অনেকবার বলেছি আমি সিঙ্গেল, কিন্তু বাস্তবে তা সত্য নয়। যদিও আনুষ্ঠানিকভাবে আংটি বদলের মতো অনুষ্ঠান হয়নি।’’

তিনি আরও জানান, তার হবু জীবনসঙ্গী মিডিয়ার কোনো ব্যক্তিত্ব নন। পূজা বলেন, ‘‘তিনি মিডিয়ার মানুষ নন, তাই কোনও প্রশ্নই আসে না। আমি যে পেশায় আছি, সেই পেশার মানুষকে আমি সবসময় বিশ্বাস করতে পারি না।’’

পূজা চেরি সংসারকে তার জীবনের প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘‘আমি একটি সাংসারিক জীবন কাটাতে চাই। আমার জীবনে ‘ডিভোর্স’ শব্দটির কোনো স্থান থাকুক আমি চাই না। সংসার ঠিক রাখতে প্রয়োজনে মিডিয়াও ছেড়ে দিতে পারি।’’

অভিনয় পূজার পেশা এবং ভালোবাসার জায়গা হলেও তিনি জানিয়েছেন, প্রয়োজনে সংসার বাঁচানোর জন্য সেটিও ত্যাগ করতে প্রস্তুত। তিনি বলেন, ‘‘অভিনয় আমার শখ এবং ভালোবাসা। এখানে আমার ও আমার মায়ের অনেক সংগ্রাম আছে। কিন্তু যদি সংসার বাঁচাতে হয়, আমি প্রয়োজনে এটাও ছেড়ে দিতে পারি।’’

সম্প্রতি তিনি জানান, মানসিকভাবে সম্পূর্ণ প্রস্তুত হলে বিয়ের সিদ্ধান্ত নেবেন এবং সেটি গোপন রাখবেন না। তার হবু স্বামীও সর্বদা তাকে সমর্থন দিচ্ছেন। এই তথ্য সামনে আসার পর পূজার ভক্ত এবং চলচ্চিত্রশিল্পী মহল থেকে ইতিবাচক প্রতিক্রিয়া এসেছে।

বিনোদন শীর্ষ সংবাদ