অন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে চলতি বছরের ঈদুল ফিতর উদযাপনের সম্ভাব্য তারিখ চিহ্নিত করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তাদের পূর্বাভাস অনুযায়ী, হিজরি ১৪৪৭ সালের রমজান মাস ৩০ দিনে পূর্ণ হওয়ার সম্ভাবনা বেশি, ফলে ঈদ উদযাপিত হতে পারে শুক্রবার, ২০ মার্চ।
আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, রমজানের ২৯তম দিনে আকাশে নতুন চাঁদ দেখা সম্ভব নয়। এ কারণে অধিকাংশ আরব দেশে রমজান পূর্ণ ৩০ দিনে সম্পন্ন হবে এবং পরদিন শাওয়াল মাসের প্রথম দিন হিসেবে ঈদ উদযাপিত হবে।
শারজাহ অ্যাকাডেমি ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি-র জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কেন্দ্রও একই ধরনের পূর্বাভাস প্রদান করেছে। তাদের হিসাব অনুযায়ী, ১৯ মার্চ রমজানের ৩০তম দিন পূর্ণ হবে এবং ২০ মার্চ শাওয়াল মাসের প্রথম দিন হিসেবে গণ্য হতে পারে।
জ্যোতির্বিজ্ঞানীরা আরও জানান, ১৮ মার্চ রমজানের ২৯তম দিনে সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাওয়ায় সেদিন চাঁদ দেখা সম্ভব হবে না। ১৯ মার্চ ভোরে নতুন চাঁদের জ্যোতির্বৈজ্ঞানিক সংযোগ ঘটলেও সূর্যাস্তের সময় চাঁদের অবস্থান ও বয়স এমন হবে, যা খালি চোখে দেখা প্রায় অসম্ভব। টেলিস্কোপ ব্যবহার করেও চাঁদ সঠিকভাবে পর্যবেক্ষণ করা কঠিন হতে পারে।
বিশেষ প্রযুক্তি ব্যবহার করে চাঁদের ছবি ধারণ করা সম্ভব হলেও সাধারণ পর্যবেক্ষণে তা দৃশ্যমান হবে না। এসব হিসাব-নিকাশের ভিত্তিতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে ২০ মার্চ ঈদ উদযাপনের সম্ভাবনা বেশি বলে জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন।


