প্রধানমন্ত্রীর নেতৃত্বের বিশেষ বৈশিষ্ট্যে আশাবাদী বিডা

প্রধানমন্ত্রীর নেতৃত্বের বিশেষ বৈশিষ্ট্যে আশাবাদী বিডা

অর্থ বাণিজ্য ডেস্ক

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বিন মাহমুদ হারুন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান–এর কিছু লিডারশিপ বৈশিষ্ট্য তাদের ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনায় আশাবাদ জাগিয়েছে।

চৌধুরী আশিক মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে তার পূর্বের কাজের অভিজ্ঞতা না থাকলেও সাম্প্রতিক এক মাস ধরে আন্তঃমন্ত্রণালয় বৈঠক এবং ওয়ান-অন-ওয়ান রিভিউতে সময় কাটানোর সুযোগ হয়েছে। তিনি প্রধানমন্ত্রীর নেতৃত্বের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করে বলেন—প্রথমত, তিনি একজন ভালো শ্রোতা; তিনি সবাইকে ধৈর্য ধরে শুনছেন এবং কাউকে চাপ দিচ্ছেন না। দ্বিতীয়ত, তিনি রেজাল্ট-ওরিয়েন্টেড এবং যেকোনো উদ্যোগের সম্ভাব্য ফলাফল ও সময়সীমা নিয়ে আলোচনা করছেন। তৃতীয়ত, তিনি নিজেই দৃষ্টান্ত স্থাপন করে নেতৃত্ব প্রদর্শন করছেন, যেমন সমায়নুবর্তিতা, শিষ্টাচার এবং অনাড়ম্বর মানসিকতা।

চৌধুরী আশিক জানান, গতকালের এক বৈঠকে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে বিডা ও বেজার ১৮০ দিনের পরিকল্পনা শেয়ার করেছেন। তিনি বলেন, সরকারি সংস্থাগুলোতে জবাবদিহিমূলক সংস্কৃতি গড়ে তোলা জরুরি। বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে এফডিআই কমেছে; তাই বিদেশী বিনিয়োগের পাশাপাশি দেশি বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধিতে বিশেষ মনোযোগ দেওয়া হবে।

তিনি ২৫টি গুরুত্বপূর্ণ পদক্ষেপের মধ্যে কয়েকটি হাইলাইট করেছেন—

* সরকারি বন্ধ ও রুগ্ন শিল্প কারখানাগুলোকে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ মডেলে প্রাইভেটাইজেশন।
* ফ্রি ট্রেড জোন ও সমরাস্ত্র শিল্প নীতিমালা প্রকাশ।
* বিকল্প জ্বালানি ব্যবস্থা অনুসন্ধান।
* সমুদ্র ও বিমানবন্দরে আধুনিক ব্যবস্থাপনা চালু করে দুর্নীতি রোধ ও লিড টাইম কমানো।
* প্রধানমন্ত্রীর জন্য প্রাইভেট সেক্টর অ্যাডভাইসরি কাউন্সিল গঠন।
* ব্যবসা সংক্রান্ত সরকারি সার্ভিসের একক ডিজিটাল প্ল্যাটফর্ম বাংলাবিজ-এর সম্প্রসারণ।
* বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে কোরিয়া-বাংলাদেশ ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট সম্পন্ন।

তিনি আরও জানান, আগামী ছয় মাস শেষে একটি রেজাল্ট কার্ড তৈরি করা হবে, যাতে সাফল্য ও ব্যর্থতার মূল্যায়ন করা যাবে।

চৌধুরী আশিক এক ফটোকার্ডও শেয়ার করেছেন যা ১৮০ দিনের অগ্রাধিকারগুলো তুলে ধরে। তিনি প্রধানমন্ত্রীর নেতৃত্বের কিছু বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আশাবাদ ব্যক্ত করেছেন এবং দেশের বিনিয়োগ পরিবেশ ও প্রশাসনিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

অর্থ বাণিজ্য শীর্ষ সংবাদ