রাজধানী ডেস্ক
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তিন স্তরবিশিষ্ট বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সদরঘাট, সায়েদাবাদ, শ্যামপুর, সূত্রাপুর ও কামরাঙ্গীরচরসহ গুরুত্বপূর্ণ টার্মিনাল ও আশপাশের এলাকায় ৩২টি টিম মোতায়েনের পাশাপাশি ছয়টি সিভিল টিম, টহল ও চেকপোস্টের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সদরঘাট লঞ্চ টার্মিনালে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে র্যাব-১০-এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান এসব তথ্য জানান। তিনি বলেন, ঈদ উপলক্ষে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়েছে এবং ঈদের দিনসহ পরবর্তী সময় পর্যন্ত এই ব্যবস্থা অব্যাহত থাকবে।
র্যাব জানায়, নিরাপত্তা নিশ্চিত করতে তাদের টিমগুলো ‘রোবাস্ট পেট্রোলিং’ ও ‘ফুট পেট্রোলিং’ পরিচালনা করবে। প্রয়োজন অনুযায়ী বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশি করা হবে। এছাড়া যাত্রীদের সুবিধার্থে সদরঘাট লঞ্চ টার্মিনাল ও সায়েদাবাদ বাস টার্মিনালে ২৪ ঘণ্টা কার্যক্রম পরিচালনার জন্য দুটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। যাত্রীরা যাতায়াতের সময় হয়রানির শিকার হলে বা অতিরিক্ত ভাড়া দাবির ঘটনা দেখলে সরাসরি কন্ট্রোল রুমে এসে বা ফোনের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঈদকে সামনে রেখে র্যাবের আভিযানিক কার্যক্রমও ত্বরান্বিত হয়েছে। সম্প্রতি পরিচালিত অভিযানে একটি বিদেশি পিস্তল এবং চলতি মাসে বিপুল পরিমাণ গোলাবারুদ জব্দ করা হয়েছে। পাশাপাশি সক্রিয় মাদক চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।
মোহাম্মদ কামরুজ্জামান জানান, ঈদ উপলক্ষে প্রায় পৌনে দুই কোটি মানুষ ঢাকা ছেড়ে নিজ নিজ এলাকায় যাত্রা করতে পারেন। এতে রাজধানীর অনেক বাসাবাড়ি ফাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সুযোগে চুরি, ছিনতাই বা ডাকাতির মতো অপরাধ বৃদ্ধি পেতে পারে। তাই রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় দিনে-রাতে ২৪ ঘণ্টা নজরদারি চালানো হচ্ছে, বিশেষ করে রাতের সময় নিরাপত্তা টহল আরও জোরদার রাখা হবে।
র্যাবের এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে ঈদযাত্রা নিরাপদ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার পাশাপাশি অপরাধ দমন এবং যাত্রীদের সহায়তা প্রদানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।


