বিনোদন ডেস্ক
আসন্ন বলিউড ছবি ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ মুক্তির আগেই নতুন ইতিহাস গড়েছে। রণবীর সিং অভিনীত এই ছবি ১৯ মার্চ মুম্বাইতে প্রেক্ষাগৃহে আসার কথা থাকলেও, অগ্রিম টিকিট বিক্রিতে নজিরবিহীন ব্যবসা করেছে। মারাঠা মন্দির প্রেক্ষাগৃহে দীর্ঘ ৩০ বছর ধরে নিয়মিত প্রদর্শিত শাহরুখ খানের ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ শো টাইমিংও পরিবর্তন করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
মারাঠা মন্দিরে সাধারণত প্রতিদিন বেলা সাড়ে ১১টায় ‘ডিডিএলজে’ প্রদর্শিত হয়। কিন্তু আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর ২’-এর দৈর্ঘ্য প্রায় ৪ ঘণ্টা ৪০ মিনিট হওয়ায় প্রতিটি স্ক্রিনে দিনে চারটির বেশি শো রাখা সম্ভব হয়নি। দর্শকদের চাহিদা মেটাতে মধ্যরাতেও শো রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ‘ডিডিএলজে’-র শো সময় সকালের দিকে সরানো হয়েছে। চলচ্চিত্র বিশেষজ্ঞরা ভারতের প্রেক্ষাগৃহ ইতিহাসে এমন ঘটনা বিরল বলে উল্লেখ করেছেন।
প্রথম কিস্তি ‘ধুরন্ধর’-এর গল্প মূলত রহমান বালোচকে কেন্দ্র করে হলেও, সিক্যুয়েলে রণবীর সিং অভিনীত চরিত্র হামজার গল্প তুলে ধরা হবে। নির্মাতাদের তথ্য অনুযায়ী, রহমানের মৃত্যুর পর হামজার প্রতিশোধের কাহিনি এবং তার হিংস্র রূপ ফুটে উঠবে এই ছবিতে। প্রথম ছবির তুলনায় সিক্যুয়েলে অ্যাকশন এবং রক্তারক্তির দৃশ্য অনেক গুণ বেশি থাকবে।
বর্তমানে ছবিটির প্রায় ১৫ লক্ষ টিকিট বিক্রি হয়ে গেছে। চলচ্চিত্র বিশেষজ্ঞরা মনে করছেন, দীর্ঘ দৈর্ঘ্য এবং হিংসাত্মক বিষয়বস্তু থাকা সত্ত্বেও এভাবে টিকিট বিক্রি হচ্ছে, তা চলতি বছরের বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দিতে পারে। আদিত্য ধরের পরিচালনা এবং রণবীরের ভায়োলেন্ট পারফরম্যান্সের মিশেল দেখার জন্য সিনেমাপ্রেমীরা ১৯ মার্চের মুক্তির অপেক্ষায় রয়েছেন।


