শিক্ষা ডেস্ক
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা আন্তর্জাতিক কৃষি ও বায়োসিস্টেম ইঞ্জিনিয়ারিং কমিশন (সিআইজিআর) আয়োজিত আইডিয়া কম্পিটিশনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। সাতটি ক্যাটাগরির মধ্যে চারটিতে অংশগ্রহণকারী চারটি দল দুইটি স্বর্ণ ও দুটি ব্রোঞ্জ পদক জিতে দেশের নাম আন্তর্জাতিক মঞ্চে উজ্জ্বল করেছে।
মঙ্গলবার (১৭ মার্চ) প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী দলের সদস্যরা এই তথ্য নিশ্চিত করেছেন। প্রতিযোগিতার বাছাই পর্বে অংশগ্রহণকারীদের প্রকল্পগুলো সিআইজিআরের বিভিন্ন টেকনিক্যাল সেকশনে মূল্যায়ন করা হয়। সেখান থেকে সেরা প্রকল্পগুলো চূড়ান্ত পর্যায়ে উত্তীর্ণ হয়। এ বছর প্রতিযোগিতায় সাতটি ক্যাটাগরি অন্তর্ভুক্ত ছিল; ল্যান্ড অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট, স্ট্রাকচার্স অ্যান্ড এনভায়রনমেন্ট, প্লান্ট প্রডাকশন, এনার্জি ইন অ্যাগ্রিকালচার, সিস্টেম ম্যানেজমেন্ট, বায়োপ্রসেসেস এবং ইনফরমেশন টেকনোলজি।
‘স্ট্রাকচার্স অ্যান্ড এনভায়রনমেন্ট’ ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন সাবিদুর রহমান শেজান ও নুসরাত জিহান জুই। ‘এনার্জি ইন অ্যাগ্রিকালচার’ ক্যাটাগরিতে স্বর্ণপদক জয়ী হয়েছেন মো. আবু হুরায়রা আল রিজন, আমিনা আরিফ রিয়া ও শোয়াইব আহমেদ সতেজ। এছাড়া ‘সিস্টেম ম্যানেজমেন্ট’ ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেছেন তানভীর হোসেন, খৈরম অনন্তা অনি ও নুসরাত জাহান মুমু। এই তিন দলের প্রকল্পে তত্বাবধান করেছেন বিশ্ববিদ্যালয়ের কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান। একই বিভাগের অন্য একটি দলের সদস্য মো. রাহাত মিয়া ও খন্দকার জুনায়েদ আহমেদ ব্রোঞ্জ পদক অর্জন করেছেন, যেখানে তত্বাবধান করেছেন অধ্যাপক ড. মো. রুস্তম আলী।
বিগত বছরগুলোর তুলনায় এবার প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত, ঘানা ও নাইজেরিয়া সহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা অংশ নিয়েছিল। বৈশ্বিক এই প্রতিযোগিতায় বাংলাদেশের দল দুটি স্বর্ণ ও দুটি ব্রোঞ্জ পদক অর্জন করে। স্বর্ণজয়ীরা ৫০০ মার্কিন ডলার এবং ব্রোঞ্জজয়ীরা ২০০ মার্কিন ডলারসহ বিশেষ সম্মাননা পদক লাভ করবেন।
বাজানিয়ের এই অর্জন আগামী ২০২৬ সালের জুনে ইতালির তুরিনে অনুষ্ঠিতব্য ‘সিআইজিআর ওয়ার্ল্ড কংগ্রেস’-এ সরাসরি প্রদর্শিত হবে। এই কংগ্রেসে সাতটি ভিন্ন প্রযুক্তিগত ক্ষেত্রের সেরা শিক্ষার্থীরা নির্বাচিত হবেন, এবং একজন সামগ্রিক বিজয়ী পুরোপুরি আর্থিক সুবিধা নিয়ে অংশগ্রহণের সুযোগ পাবেন।
এনার্জি ইন অ্যাগ্রিকালচার ক্যাটাগরিতে স্বর্ণপদক জয়ী মো. আবু হুরায়রা আল রিজন বলেন, “এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অর্জিত সাফল্য আমাদের দীর্ঘদিনের পরিশ্রমের ফল। বাকৃবির সকল দলকে নিয়ে এই অর্জন আমাদের জন্য গর্বের। বিশেষ ধন্যবাদ আমাদের অধ্যাপক ড. আনিসুর রহমানকে।”
সিস্টেম ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে স্বর্ণপদক জয়ী নুসরাত জাহান মুমু মন্তব্য করেন, “এ পুরস্কার অর্জন আন্তর্জাতিক মঞ্চে আমাদের বিশ্ববিদ্যালয়ের সুনাম প্রতিফলিত করেছে। আমাদের টিমের অবিরাম পরিশ্রম ও আত্মত্যাগের মাধ্যমে এই সাফল্য সম্ভব হয়েছে। আশা করি, এটি ভবিষ্যতে অন্যান্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে।”


