সৌদি আরবে মিসাইল হামলায় নিহত প্রবাসীর পরিবারে সরকারি সহায়তা, মরদেহ ফেরাতে উদ্যোগ

সৌদি আরবে মিসাইল হামলায় নিহত প্রবাসীর পরিবারে সরকারি সহায়তা, মরদেহ ফেরাতে উদ্যোগ

সারাদেশ ডেস্ক

সৌদি আরবে মিসাইল হামলায় নিহত কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বাসিন্দা প্রবাসী বাচ্চু মিয়ার পরিবারের কাছে সরকারি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) রাতে উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামে নিহতের বাড়িতে গিয়ে সহায়তা হস্তান্তর করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন এবং সরকারের পক্ষ থেকে সমবেদনা জানান।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে মন্ত্রী জানান, নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। ফ্লাইট শিডিউল পাওয়া সাপেক্ষে মরদেহ শিগগিরই দেশে পৌঁছানোর আশা করা হচ্ছে। একই সঙ্গে নিহতের পরিবারের জন্য প্রাথমিক আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এবং ভবিষ্যতে সংশ্লিষ্ট দেশ থেকে ক্ষতিপূরণ পাওয়া গেলে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি উল্লেখ করেন।

নিহতের মা ফাতেমা বেগম ও স্ত্রী জোছনা মরদেহ দ্রুত দেশে আনার দাবি জানান। তারা পরিবারের আর্থিক অনিশ্চয়তার বিষয়টিও তুলে ধরেন। এ প্রেক্ষিতে মন্ত্রী বলেন, নিহতের পরিবারকে দীর্ঘমেয়াদি সহায়তার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবারের তিন সন্তানের শিক্ষা নিশ্চিত করতে সরকার মাসিক ভাতার ব্যবস্থা করবে এবং পরিবারটিকে বিদ্যমান সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি স্থানীয় প্রশাসনকে পরিবারের জন্য বসবাসযোগ্য জমির ব্যবস্থা করার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রবাসীদের নিরাপত্তা প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। ঝুঁকিপূর্ণ এলাকা, বিশেষ করে গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশে অবস্থান থেকে বিরত থাকার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার ছবি বা ভিডিও প্রচার না করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো যায়।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং প্রবাসী কল্যাণ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার কথা জানান।

প্রসঙ্গত, গত ৮ মার্চ সৌদি আরবের স্থানীয় সময় ইফতারের আগে আল খারিজ শহরে একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কিশোরগঞ্জের বাচ্চু মিয়াসহ দুইজন বাংলাদেশি নিহত হন। অপর নিহত ব্যক্তি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনায় আরও অন্তত ১২ জন আহত হন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, শ্রমিক ক্যাম্পটির নিকটবর্তী একটি বিদেশি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে মিসাইলটি নিক্ষেপ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণের প্রভাবে আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এই ঘটনার পর থেকে নিহতদের পরিচয় নিশ্চিতকরণ, মরদেহ দেশে ফেরত আনা এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। একই সঙ্গে বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের নিরাপত্তা জোরদারে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

শীর্ষ সংবাদ সারাদেশ