জাতীয় ডেস্ক
ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে এবার পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান উভয়েই জামাতে অংশগ্রহণ করবেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বৃহস্পতিবার জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনকালে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এবারের ঈদুল ফিতরের জামাতটি ঐতিহাসিক হতে যাচ্ছে, কারণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ আদায় করবেন। তিনি আরও জানান, ময়দানে ওজুর প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে এবং বৃষ্টির সম্ভাবনার কারণে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর নামাজের সময় ময়দানে ৩৫ হাজার মুসল্লীর জন্য নিরাপদ ও সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মন্ত্রিপরিষদের সদস্য ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা জামাতে উপস্থিত থাকবেন। প্রবেশের সময় কিছু নির্বাচিত গেইট খোলা থাকবে, এবং নামাজ শেষে বাকি সকল গেইট ব্যবহারযোগ্য হবে।
চাঁদ দেখা সাপেক্ষে এবার ঈদুল ফিতর ২১ মার্চ শনিবার পালিত হতে পারে। এ উপলক্ষে সরকার ইতিমধ্যেই সরকারি ছুটি ঘোষণা করেছে। ১৭ মার্চ থেকে শুরু হওয়া সরকারি ছুটি ২৩ মার্চ পর্যন্ত চলবে।


