প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণা: কক্সবাজারে গ্রেফতার এক ব্যক্তি

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণা: কক্সবাজারে গ্রেফতার এক ব্যক্তি

অপরাধ ডেস্ক

ডিএমপির ডিবি, সিটিটিসি ও কক্সবাজার জেলা পুলিশের যৌথ টিম প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণার অভিযোগে আরিফ মাঈনুদ্দিন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। শনিবার (২১ মার্চ) রাত আনুমানিক দেড়টায় কক্সবাজার জেলার চকরিয়া থেকে তাকে আটক করা হয়।

রোববার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ডিবি প্রধান শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আরিফ মাইনুদ্দিন একটি ভুয়া প্রজ্ঞাপন তৈরি করেন এবং দাবি করেন যে, সরকার তাকে ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ দিয়েছে। তিনি এই পদে থাকা অবস্থায় প্রতিমন্ত্রীর সমপর্যায়ের বেতন-ভাতা, সুযোগ-সুবিধা এবং আনুষঙ্গিক সুবিধা পাবেন বলে উল্লেখ করেন।

ডিবি সূত্রে জানা যায়, আরিফ মাইনুদ্দিন সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যক্তির নিকট এই ভুয়া গেজেট প্রেরণ করেন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে ভুয়া ভিজিটিং কার্ড ব্যবহার করেন। গত ১০ ফেব্রুয়ারি তিনি নকল লোগো ও প্যাড ব্যবহার করে একটি ভুয়া গেজেট তৈরি ও প্রচার করেন। ওই গেজেটে জোরপূর্বক নিখোঁজ ব্যক্তির পুনর্বাসন হিসেবে তাকে রাষ্ট্রের বিশেষ সম্মানিত ব্যক্তি ঘোষণা করা হয় এবং এককালীন প্রণোদনা, স্থায়ী কর্মসংস্থান ও স্থায়ী বাসস্থানের প্রতিশ্রুতি দেওয়া হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি ‘গুম কল্যাণ ট্রাস্ট’-এর সদস্য সচিব পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির নিকট থেকে নগদ অর্থ হাতিয়ে নেন।

ডিবি, সিটিটিসি ও কক্সবাজার জেলা পুলিশের যৌথ অভিযানে রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে তার হেফাজত থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে মিথ্যা গেজেট, প্রধানমন্ত্রীর সাথে ছবি সম্বলিত ভিজিটিং কার্ড এবং দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আইন আদালত শীর্ষ সংবাদ